খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩৫) ওরফে কলম বাপ্পী নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ বিলে থাকা একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. বাপ্পী রূপসা থানার আলাইপুর গ্রামের মৃত আকব্বর শেখের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান ও এসআই সুমন গাইন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর খান বলেন, নিহত বাপ্পীর বিরুদ্ধে পূর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।