মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও তার ১০ মাস বয়সী কন্যাসন্তান নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সোনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে।
এ ঘটনায় আহত সোনিয়ার স্বামী মোটরসাইকেল চালক আবুল হোসেন জানান, শনিবার সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থল টাঙ্গাইল যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
তিনি আরো বলেন, ‘বাসটি উল্টোপথে আসায় ভয়ে মোটরসাইকেল থেকে সোনিয়া বাচ্চাসহ রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় বাসের চাকার নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চা মারা যায়। বাসটি উল্টোপথে না এলে স্ত্রী ও মেয়েকে হারাতে হতো না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’