1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ

১১-দলীয় জোট ফুটবল টিমের মতো খেলতে নেমেছে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

বিরোধী ১১-দলীয় জোট ফুটবল দলের মতো একত্রিত হয়ে সরকারের সাথে রাজনৈতিক খেলায় নেমেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সাথে বর্তমান সরকার জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হওয়ায় কোনো বিরোধী দল বা জোটের হুমকিকে বিএনপি পরোয়া করে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত জুলাইয়ে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত ৫১০টি পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, জামায়াত দল হিসেবে চরম অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। তিনি উল্লেখ করেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াতের দুই শীর্ষ নেতাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন, যাতে তাদের ওপর থেকে যুদ্ধাপরাধ ও রাজাকারের তকমা দূর হয়। কিন্তু দলটির বর্তমান নেতারা সেই অতীত ইতিহাস ও অনুগ্রহ সম্পূর্ণ ভুলে গিয়ে অকৃতজ্ঞ আচরণ করছেন।

তিনি অভিযোগ করেন, ১১-দলীয় জোটের নেতারা জাতীয় সংসদে এক ধরনের কথা বললেও সংসদের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন অবস্থান গ্রহণ করছেন। তারা রাজনৈতিক ময়দানে নানারকম অভিনয় শুরু করেছেন। জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতাদের ভাষা ও শিষ্টাচার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এনসিপির নেতাদের বয়স অনেক কম, অথচ তারা রাজনৈতিক সম্মান ও শালীন ভাষা বজায় রেখে কথা বলতে পারেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তারা বিভিন্ন সময় অসম্মানজনক ও অশোভন ভাষায় বক্তব্য দিচ্ছেন। অথচ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারের মেয়াদ ছয় মাস পার হতে না হতেই লংমার্চ কর্মসূচি দিয়ে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে। মীর শাহে আলম দাবি করেন, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে জামায়াত ও এনসিপির নেতাদের যোগাযোগ থাকতে পারে। আওয়ামী লীগের সাথে তাদের এই পুরোনো সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে তারা যে আন্দোলন ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগকেই রাজনৈতিক সুবিধা ও সহায়তা দেওয়ার শামিল।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন এলজিআরডি প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এজন্য এখন থেকেই দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠে কাজ করতে হবে। এই নির্বাচনে বিএনপি প্রতিটি উপজেলায় একক প্রার্থীকে দলীয় সমর্থন দেবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিরোধিতা করবেন বা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়েও কড়া বার্তা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাথে বেঈমানি বা বিশ্বাসঘাতকতা করেছে, বিএনপিতে তাদের আর কখনো কোনো স্থান হবে না। তবে দুঃসময়ে যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন ও দলের পাশে ছিলেন, তারা সরকারি উন্নয়ন কাজ ও ঠিকাদারিসহ সব ধরনের বৈধ সুযোগ-সুবিধায় অগ্রাধিকার পাবেন বলে তিনি ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ