গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬০ লাখ ৬৩ হাজার টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল।
বিজিবি জানায়, চলতি মৌসুমে দেশে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে একটি চক্র অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে এনে বাজারে সরবরাহের মাধ্যমে দেশীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পেঁয়াজের দাম কমানোর পাঁয়তারা করছে। দেশীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পেঁয়াজসহ বিভিন্ন পণ্য দেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের কৃষক ও বৈধ ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে চোরাচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।