নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন নির্মাতা সুমন মেহেদী। তার নির্মিত নতুন নাটক ‘মেন্টাল’ এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘জাগো বাংলা ড্রামা’র ইউটিউব চ্যানেলে। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিপুন আহমেদ ও জান্নাত জাহান মাওয়া।
নাটকটির গল্প এগিয়েছে হাসি-তামাশা ও মজার নানা পরিস্থিতিকে কেন্দ্র করে। তবে শুধুই বিনোদন নয়, গল্পের আড়ালে রয়েছে সমাজের মানুষের একটি পরিচিত প্রবণতাও। কোনো একজনের আচরণ বা চলাফেরা অন্যদের কাছে একটু ভিন্ন মনে হলেই তাকে নানা নামে ডাকার প্রবণতা রয়েছে আমাদের সমাজে। ‘মেন্টাল’ নাটকে সেই বিষয়টিকেই বিনোদনের মোড়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
নাটকের কেন্দ্রীয় চরিত্র একজন যুবক। তার কিছু অস্বাভাবিক আচরণ ও কর্মকাণ্ডকে ঘিরে আশপাশের মানুষ তাকে ‘মেন্টাল’ বলে ডাকতে শুরু করে। কিন্তু সত্যিই কি সে মানসিকভাবে অসুস্থ, নাকি তার আচরণের পেছনে রয়েছে অন্য কোনো গল্প?
ঘটনার পর ঘটনা, ভুল বোঝাবুঝি এবং হাস্যরসের নানা পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। শেষ পর্যন্ত কেন ওই যুবককে ‘মেন্টাল’ বলা হয়-সেই উত্তরই দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নাটকটিতে।
নাটকটির নির্মাতা সুমন মেহেদী বলেন, ‘দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি গল্পের মাধ্যমে কিছু একটা বলার চেষ্টা সবসময়ই থাকে। মেন্টাল মূলত একটি বিনোদনধর্মী গল্প, তবে এর মধ্যে আমাদের সমাজের কিছু পরিচিত বিষয়ও রয়েছে। হাসি-মজার মধ্য দিয়ে দর্শকরা গল্পটি উপভোগ করবেন এবং একই সঙ্গে চরিত্রটির আসল বিষয়টিও বুঝতে পারবেন-এটাই আমাদের চেষ্টা ছিল।’
তিনি আরও বলেন, ‘পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজ করেছে। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছি।’
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নিপুন আহমেদ বলেন, ‘মেন্টাল-এর চরিত্রটি আমার আগের অনেক কাজের তুলনায় আলাদা। চরিত্রটির আচরণ ও পরিস্থিতিগুলো দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য এবং একই সঙ্গে মজার করে উপস্থাপন করাটা একটা চ্যালেঞ্জ ছিল। শুটিংয়ের সময় পুরো টিমের সহযোগিতা পেয়েছি। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
নাটকের নায়িকা জান্নাত জাহান মাওয়া বলেন, ‘মেন্টালকে শুধু কমেডি নাটক হিসেবে দেখলে গল্পের পুরো বিষয়টা পাওয়া যাবে না। হাসি-মজার পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গি এবং কাউকে খুব সহজে বিচার করে ফেলার বিষয়টিও গল্পে রয়েছে। দর্শকরা বিনোদনের পাশাপাশি গল্পের এই জায়গাটাও অনুভব করবেন বলে আশা করছি।’
‘মেন্টাল’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন মেহেদী। প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘জাগো বাংলা ড্রামা’।
নিপুন আহমেদ ও জান্নাত জাহান মাওয়া ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন এম কে এইচ পামির, রোজিনা সুমি, রূপম ঝুমুরিয়া, মাজেদ, সাজ্জাদ চৌধুরী, ইমন, রানা, আজাদ, মুন ও পাখি।
নাটকটির চিত্রগ্রহণ করেছেন লিমন। আলোকসজ্জায় ছিলেন নাজমুল। সম্পাদনায় মাহমুদ পারভেজ, সংগীতে হাসান, সহকারী পরিচালক হিসেবে ছিলেন নাজমুল সাকিব অভি। স্থিরচিত্রে ছিলেন আয়াত, রূপসজ্জায় টিটু সিকদার, প্রযোজনা সহায়তায় মাসুদ এবং পোস্টার ডিজাইন করেছেন জিনতু।
‘মেন্টাল’ এখন দেখা যাচ্ছে ‘জাগো বাংলা ড্রামা’র ইউটিউব চ্যানেলে। দর্শকদের প্রতিক্রিয়ায় নাটকটি কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।