এশিয়ান গেমসের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত-পাকিস্তান-বাংলাদেশ। জাতীয় দলের খেলা অধিকাংশ ক্রিকেটারই আছেন স্কোয়াডে।
কিন্তু শ্রীলঙ্কা হাঁটল ভিন্ন পথে। জাতীয় দলের নিয়মিত সদস্যদের নয়, ঘরোয়া ক্রিকেটের তারকাদের সুযোগ দিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার চলমান ওয়ানডে সিরিজ থাকাতেই হয়তো এমন সিদ্ধান্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন সাহান আরাচ্চিগে।
১৫ সদস্যের দলে পরিচিত মুখদের মধ্যে অন্যতম হচ্ছেন—নিরোশান ডিকওয়েলা, বিনুরা ফার্নান্দো, চাম্মিকা করুণারত্নে, নুয়ান তুষারারা।
এশিয়ান গেমসে মিশ্র অনুভূতি রয়েছে শ্রীলঙ্কার। এখন পর্যন্ত হওয়া তিন আসরে দুটি পদক জিতেছে তারা। ২০১০ সালের ব্রোঞ্জের বিপরীতে ২০১৪ গেমসে স্বর্ণপদক জিতেছে তারা।
তবে সর্বশেষ ২০২২ গেমসে খালি হাতে ফেরে লঙ্কানরা।
এবার জাপানের আইচি ও নাগোয়া গেমসে কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার পাল্লা। আগামী ২৯ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। সেদিন তাদের প্রতিপক্ষ কারা হবে এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। আগামীকাল থেকে শুরু হওয়া প্রাথমিক পর্ব শেষে জানা যাবে।
এশিয়ান গেমস শ্রীলঙ্কার স্কোয়াড :
সাহান আরাচ্চিগে (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), লাসিথ ক্রুসপুলে, সিনেথ জয়াবর্ধনে, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা করুণারত্নে, থারিন্দু রত্নায়েকে, ওয়ানুজা সাহান, বিজয়কান্ত বিয়াসকান্ত, দুশান হেমন্ত, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, গারুকা সংকেথ।