বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন জো রুটের ব্যাটের ধারও বেড়েছে। অথচ ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানো ব্যাটারদের ফর্ম পড়তির দিকেই দেখা যায়।
তবে ইংল্যান্ডের ব্যাটার অন্য ধাতুতে গড়া। তা না হলে ৩৫ বছর বয়সেও এমন অবিশ্বাস্য ছন্দ দেখাতে পারতেন না।
বিশ্বাস না হলে গতকালের আগে রুটের শেষ ৬ ইনিংসে চোখ বুলান। প্রতিটিতেই ষাটোর্ধ্ব ইনিংস খেলেছেন।
সর্বশেষ থেকে তার ইনিংসগুলো হচ্ছে—৭৪*, ৯৯*, ৭৬*, ১১১*, ৭৫ ও ৬১। অর্থাৎ সর্বশেষ চার ইনিংসে তাকে কেউই আউট করতে পারেনি।
অবশেষে গতকাল চেস্টার-লি-স্ট্রিটে আউট হয়েছেন রুট। তবে ফেরার আগেও খেলেছেন ৪৪ রানের এক ইনিংস।
৬ রানের জন্য টানা সপ্তম ফিফটি না পাওয়ার আক্ষেপ থাকলেও কীর্তি ঠিকিই গড়েছেন তিনি। বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
রুটের রান এখন ২৩ হাজার ৪১। তার ওপরে আছেন রাহুল দ্রাবিড় (২৪ হাজার ২০৮), জ্যাক ক্যালিস (২৫ হাজার ৫৩৪), মাহেলা জয়াবর্ধনে (২৫ হাজার ৯৫৭), রিকি পন্টিং (২৭ হাজার ৪৮৩), কুমার সাঙ্গাকারা (২৮ হাজার ১৬), বিরাট কোহলি (২৮ হাজার ৩৫৯) ও শচীন টেন্ডুলকার (৩৪ হাজার ৩৫৭)।
জয়ে কীর্তি রাঙানোর সুযোগ পেয়েছেন রুট।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। বড় জয়ে নায়ক উইল জ্যাকস। ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরে ম্যাচসেরার স্বীকৃতিও জুটেছে তার কপালে।
প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের ২৬৫ রানের স্কোরে শেষ দিকে খেলেছেন ৪৬ রানের অপরাজিত ইনিংস। চ্যালেঞ্জিং স্কোরে অবশ্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হ্যারি ব্রুকও। ইংল্যান্ডের অধিনায়ক খেলেছেন ৬৭ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো ও শচীন্ডু কলম্বাগে।
অন্যদিকে শ্রীলঙ্কাকে ১৭৬ রানে অলআউট করার পথে বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন জ্যাকস। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন অফস্পিনার। শুধু আন্তর্জাতিক না, লিস্ট ‘এ’ ক্রিকেটেই। রান খরচ করেছেন ২২।
দ্বিতীয় ওয়ানডে আগামীকাল লিডসে।