এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। এরপর দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড হন ইন্দোনেশিয়ার এই খেলোয়াড়। ফলে জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তিনি জায়গা করে নেন সেমিফাইনালে।
উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করে জানান, সেমিফাইনালে উঠেই জিন্নাতের অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে। আগামী বুধবার, ২৩ সেপ্টেম্বর সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন বাংলাদেশের এই উশু খেলোয়াড়।
দিলদার হোসেন দিলু বলেন, ‘জিন্নাত সেমিফাইনালে জিততে পারলে আমরা স্বর্ণপদকের লড়াইয়ে নামব। আর যদি সেমিফাইনালে হেরেও যায়, তাহলেও এই ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত।’
অন্যদিকে পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে বাংলাদেশের সজীব হোসেনের লড়াই। চীনের প্রতিযোগী জিয়ামিনের বিপক্ষে নকআউট হওয়ার পর পরের রাউন্ডে আর অংশ নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ওয়াকওভার দিতে বাধ্য হন বাংলাদেশের এই প্রতিযোগী।