জেলাবাসীকে সুপরিকল্পিত নগর উপহার দেওয়া এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
আজ বিকেলে এনডিএ কার্যালয়ের উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। জাকারিয়া তাহের বলেন, নারায়ণগঞ্জের জন্য রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি একটি বিশেষ পরিকল্পনা প্রণয়ন করে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় পর্যাপ্ত জনবল ছিল না।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের ওপর চাপ কমানো এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সেবা নিশ্চিত করতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও এনডিএর বর্তমান সীমানা পুনর্বিন্যাস করে ফতুল্লা এলাকাকে এর আওতাভুক্ত করার সম্ভাবনাও যাচাই-বাছাই করা হচ্ছে।
রাজউকের আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও গতিশীল করতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। রাজউকের সব কার্যক্রম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া চলছে। সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে ২৪ দিনের মধ্যে যে কোন প্ল্যান পাস হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
এছাড়াও সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত ছিলেন।