চাকরিপ্রত্যাশী তরুণদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে বড় পরিসরে জব ফেয়ার আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এতে বিভিন্ন এনজিও ও বেসরকারি উন্নয়ন সংস্থাকে সম্পৃক্ত করা হবে। চাকরির সুযোগের পাশাপাশি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির বিষয়ও থাকবে এ আয়োজনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা জেলার এনজিওগুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। জেলার বিভিন্ন দেশি-বিদেশি এনজিও ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
জব ফেয়ার আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে ১১ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নির্ধারণ, চাকরির সুযোগ চিহ্নিত করা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং তরুণ উদ্যোক্তাদের সহায়তার বিষয়গুলো নিয়ে কাজ করবে। আয়োজনের স্থান, সময় ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করে দ্রুত কর্মপরিকল্পনা তৈরির দায়িত্বও থাকবে এ কমিটির ওপর।