আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পর্দা উঠবে ফিফা আসিয়ান কাপের। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দলও। হামজা চৌধুরী-শমিত সোমরা নিজেদের ম্যাচগুলো খেলবে ইন্দোনেশিয়ায়। সে অনুযায়ী আগামীকালই লাল-সবুজের প্রতিনিধিদের দেশ ছাড়ার কথা রয়েছে। তবে ভিসা সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেওয়ায় ইন্দোনেশিয়া সফর শেষ পর্যন্ত দুই-এক দিন পেছাতেও পারে।
টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এখন দেশের ফুটবল আঙিনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। আজ কিংবা আগামীকালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হতে পারে। অভিজ্ঞ ফুটবলারদের নিয়েই মূলত চূড়ান্ত স্কোয়াড সাজিয়েছেন কোচ টমাস ডুলি।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া সেন্টারব্যাক মঞ্জুরুর রহমান দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে কামব্যাক করার দোরগোড়ায় রয়েছেন। এদিকে দলের সঙ্গে যোগ দিতে আসা প্রবাসী ফুটবলারদের মধ্যে ট্রায়ালে অংশ নিয়েছিলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, সাইফ কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ।
তবে তাদের মধ্যে ইয়াসার ও দেবজিৎকে ইতোমধ্যে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি চার প্রবাসীর মধ্যে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছেন শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। এ ছাড়া ইংল্যান্ডের ক্লাব বোরহ্যাম উড এফসিতে খেলা তরুণ ফুটবলার ফারহান আলীও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পেতে পারেন।
এদিকে ঢাকার স্থানীয় ক্যাম্পে স্বশরীরে উপস্থিত না থাকলেও সরাসরি ইন্দোনেশিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন দেশের ফুটবলের দুই বড় তারকা হামজা চৌধুরী ও শমিত সোম। তাদের এই অন্তর্ভুক্তি দলের মাঝমাঠের শক্তি ও অভিজ্ঞতা কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন আসিয়ান কাপে বাংলাদেশ লড়বে ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের তিন শক্তিশালী প্রতিপক্ষ হলো—স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসিয়ান কাপ মিশন শুরু করবে লাল-সবুজের দল।
এরপর ২৮ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে টমাস ডুলির শিষ্যরা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের এই ম্যাচগুলো। বাংলাদেশে এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে‘টি স্পোর্টস’।
গোলরক্ষক : মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : জিদান আলেকজান্ডার ইউসুফ, তপু বর্মণ, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
মিডফিল্ডার : এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, মো. মিনহাজুল করিম শাদিন, হামজা চৌধুরী, শামিত সোম।
ফরোয়ার্ড : ফাহামেদুল ইসলাম, শেখ মুরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।