অনলাইন ডেস্ক: জার্মানি যাওয়ার পথে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌনে এক ঘণ্টার একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী বহনকারী বিমানটি অবতরণ করলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য কুশল বিনিময় করেন। দ্বিপক্ষীয় প্রীতি ও বন্ধুত্বের নানা বিষয়ে এসময় সংক্ষিপ্ত আলোচনা হয়।
সৌজন্য বিনিময় শেষে নির্ধারিত সময় অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাঁর চূড়ান্ত গন্তব্য জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।