একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। পুরোনো চরিত্রগুলোর ফিরে আসার পাশাপাশি নতুন চরিত্রের আগমনেও প্রতিটি পর্বে তৈরি হচ্ছে নানা কৌতূহল। নেহাল ও আরেফিনদের ফেরার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। এই পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। চরিত্রটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন পোস্টারে অভিনেতার লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে সিরিজটির ১২০ নম্বর পর্ব। নতুন পর্বের পোস্টারে আ খ ম হাসানকে দেখা গেছে ভিন্নধর্মী এক লুকে। পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে—‘ইংলিশ লেবু’ কে? কী কারণে তার আগমন ঘটেছে ব্যাচেলর ফ্ল্যাটে? আর কাবিলার সঙ্গে তার সম্পর্কই বা কী?
১২০ নম্বর পর্বের প্রকাশিত বর্ণনা অনুযায়ী, গল্পে নতুন মোড় আসে একদল গ্যাংস্টারের আগমনে। তাদের লোকজন নিয়ে তারা হাজির হয় ব্যাচেলর ফ্ল্যাটে। উদ্দেশ্য কাবিলাকে খুঁজে বের করা। ফলে কাবিলাকে ঘিরে নতুন করে বিপাকে পড়তে হয় ফ্ল্যাটের বাসিন্দাদের। এর মধ্যেই আ খ ম হাসানের ‘ইংলিশ লেবু’ চরিত্রের প্রবেশ গল্পে কী ধরনের পরিবর্তন আনে, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমে এরই মধ্যে বেশ কয়েকটি পরিচিত চরিত্রের প্রত্যাবর্তন ঘটেছে। পাশাপাশি নতুন মুখ ও চরিত্র যুক্ত হওয়ায় গল্পও এগোচ্ছে নতুন নানা বাঁকে। প্রতিটি পর্বেই নির্মাতা কাজল আরেফিন অমি দর্শকদের জন্য নতুন কোনো না কোনো চমক রাখছেন। এবার আ খ ম হাসানের সংযোজন সেই ধারাবাহিকতারই অংশ।
অভিনেতার এই চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ এবং সামনে আরও কোনো পর্বে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ১২০ নম্বর পর্বে ‘ইংলিশ লেবু’ হিসেবে তার উপস্থিতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নিয়মিত চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। তাদের সঙ্গে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।