1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

কথা ছিল একদিন সিনেমা বানাব, অথচ আমার ভাইটাই হারিয়ে গেল: খায়রুল বাসার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

‘কথা ছিল আমরা একদিন সিনেমা বানাবো। কথা ছিল আমাদের আরও কতশত গল্প বলতে হবে’- প্রিয় সহকর্মী ও বন্ধু মারুফ হোসেন সজীবকে হারিয়ে এভাবেই স্মৃতিচারণ করেছেন অভিনেতা খায়রুল বাসার।

সজীবের সঙ্গে তাদের শেষ কাজ ‘বকপক্ষীর পিরিতি’ এখনো মুক্তি পায়নি। সেই আফসোসও ফুটে উঠেছে বাসারের কথায়।

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। তার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সজীবকে নিয়ে স্মৃতিচারণ করছেন।

সজীবের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল খায়রুল বাসারের। একসঙ্গে কাজ করার পাশাপাশি তাদের মধ্যে ছিল বন্ধুত্বও। সেই সম্পর্কের স্মৃতি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বাসার।

তিনি লেখেন, ‘কথা ছিল আমরা একদিন সিনেমা বানাবো। কথা ছিল আমাদের আরও কতশত গল্প বলতে হবে। সেসব গল্প দর্শকের মনের অলিগলি ঘুরবে, হারিয়ে যাবে না। অথচ আমার ভাইটাই হারিয়ে গেল, খুব অপ্রস্তুত করে চলে গেলো সে।’

সজীবের সঙ্গে কাটানো সময়ের কথাও স্মরণ করেছেন বাসার। তার ভাষায়, ‘শুরু থেকেই আমরা ভাই-বন্ধু ছিলাম। শতশত কিলোমিটার পথ হেঁটেছি আর কত পরিকল্পনা, কথা কাটাকাটি, যুক্তি-তর্ক হলো! শুধু নিরবতার সময়টায় আমাদের মন চোখ বলেছে, আমরা ভালো কিছু করতে চাই। আমরা আমাদের ভালো চাই। আমরা আমাদের ভালোবাসি।’

বন্ধুর চলে যাওয়ার কষ্টের পাশাপাশি তাদের শেষ কাজটি দর্শকের সামনে এখনো আসেনি- এই আক্ষেপও জানিয়েছেন অভিনেতা। বাসার লিখেছেন, ‘এক ভালোবাসা ও আফসোসের নাম হয়ে রইলেন নির্মাতা মারুফ হোসেন সজীব। এই আমাদের শেষ ছবি, আমাদের শেষ কাজ ‘বকপক্ষীর পিরিতি’। এখনও কাজটা রিলিজ হলো না। ভাই আমার চলে গেলেন।’

পোস্টের শেষদিকে সজীবের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন খায়রুল বাসার। তিনি লিখেছেন, ‘আল্লাহ তায়ালা আপনি আমার ভাইকে শান্তিতে রাখুন। আপনারা আমার ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করবেন।’

নাট্যকার ও নির্মাতা হিসেবে সজীব বেশ কিছু জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন। তার কাজের তালিকায় রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’ ও ‘জোড়া শালিকের ঘর’সহ আরও বেশ কিছু নাটক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ