বিশ্বের ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক নিয়ে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’ তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তৈরি এই তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে জায়গা পেয়েছে ব্র্যাক ব্যাংক।
ফোর্বস জানিয়েছে, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের বিভিন্ন দিক মূল্যায়ন করে তালিকাটি তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটালসহ বিভিন্ন তথ্য সরবরাহকারীর তথ্য, গবেষণা এবং ব্যাংকগুলোর নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।
চারটি সূচকের ভিত্তিতে ব্যাংকগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো মুনাফা অর্জনের সক্ষমতা, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা। পাশাপাশি সম্পদের আকার অনুযায়ী ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
ব্র্যাক ব্যাংক রয়েছে টায়ার-৫ বা ‘লোয়ার মিড-সাইজ ব্যাংক’ শ্রেণিতে। ৫০০ ব্যাংকের তালিকায় ব্যাংকটির অবস্থান ৭৩তম। ফোর্বসের হিসাবে, ব্যাংকটির কর্মী সংখ্যা ৭ হাজার ৪৮৩। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান।
ফোর্বসের তালিকায় জায়গা পাওয়ার বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘এটি শুধু ব্র্যাক ব্যাংকের একক অর্জন নয়। এটি বাংলাদেশের জন্যই বড় অর্জন। ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। গত বছর ব্যাংকটি আর্থিক বিভিন্ন সূচকে খুব ভালো প্রবৃদ্ধি করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার পূর্বসূরিরা ব্যাংকটিকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আমার নেতৃত্বে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ ও নির্দেশনা মেনে সব কর্মী, উদ্যোক্তা, পরিচালনা পর্ষদ, শেয়ারধারী ও আমানতকারীদের সঙ্গে নিয়ে একটি ধারাবাহিক টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি। তারই প্রতিফলন হিসেবে ফোর্বসের বৈশ্বিক ৫০০ ভালো ব্যাংকের তালিকায় আমরা স্থান করে নিয়েছি। এটি ব্র্যাক পরিবারসহ পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়।’