সম্প্রতি ছড়ানো নানা রটনা ও ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে নিজের স্পষ্ট অবস্থান প্রকাশ করেছেন সাদিয়া আয়মান। যেকোনো গুঞ্জনে পাল্টাপাল্টি উত্তর দিয়ে বিতর্ক বাড়াতে চান না এই জনপ্রিয় অভিনেত্রী।
সাদিয়ার মতে, গুঞ্জন নিয়ে অহেতুক আলোচনার কোনো প্রয়োজন নেই। নিজের পক্ষ থেকে পাল্টা কথা বললে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলেই তিনি নীরবতা বজায় রাখছেন। তিনি বিশ্বাস করেন, কাদা ছোড়াছুড়ির মতো নোংরামিতে জড়ানোর চেয়ে নীরব থাকাই শ্রেয়, কারণ সত্য কখনো চাপা থাকে না- একসময় ঠিকই প্রকাশ পায়।
প্রেম কিংবা সাময়িক সম্পর্ক নিয়ে খুব একটা আগ্রহ নেই এই অভিনেত্রীর। সম্পর্কের বিষয়ে তিনি ভাগ্যের ওপর ভরসা রাখতেই বেশি পছন্দ করেন। সাদিয়া জানান, আল্লাহ আগে থেকেই মানুষের জীবনের সব পরিকল্পনা নির্দিষ্ট করে রেখেছেন।
আমরা অনেক কিছু চাইলেও সবকিছু আমাদের ইচ্ছেমতো হয় না। তাই তাড়াহুড়ো না করে সঠিক সময়ে সঠিক সুযোগের অপেক্ষায় তিনি জীবনের সিদ্ধান্ত নিতে চান।
ক্যারিয়ারের এই প্রাথমিক পর্যায়ে অহেতুক বিতর্কে শক্তি ও সময় নষ্ট করতে চান না সাদিয়া। এই পর্যায়ে এসে সাক্ষাৎকার বা বক্তব্যে মুখরোচক গল্প বলার চেয়ে নিজের অভিনয় দক্ষতা বাড়ানোর দিকেই তার পুরো মনোযোগ। ভবিষ্যতে পেশাগতভাবে আরও বড় ও অভিজ্ঞ হলে নিজের কথাগুলো সঠিকভাবে সবার সামনে বলতে চান তিনি।
বর্তমানে শুটিংয়ের ব্যস্ততা, পরিবারকে সময় দেওয়া এবং নিজের বিড়ালের যত্ন নেওয়ার মাঝেই তিনি আনন্দ খুঁজে পান।
নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করাকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন এবং যেসব বিষয় মানসিক প্রশান্তি নষ্ট করে, সেগুলোকে তিনি পুরোপুরি এড়িয়ে চলেন।