ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে উত্তেজনা কমানো এবং সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য উদ্ধৃত করে বলা হয়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানের বিরুদ্ধে কথিত নতুন বড় আকারের হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ।
দুই মার্কিন কর্মকর্তা এবং ওই ফোনালাপ সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, সৌদি পক্ষ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘সৌদিরা উদ্বেগ প্রকাশ করেছে এবং কর্মপরিকল্পনা সম্পর্কে স্পষ্টতা চেয়েছে।’
ফোনালাপ সম্পর্কে অবগত দ্বিতীয় একটি সূত্র জানায়, মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে পরিস্থিতি শান্ত করার পাশাপাশি ইরানে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছেন।
এদিকে, ট্রাম্প ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করার হুমকি দেওয়ার একদিন পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। সতর্কতায় আমেরিকান নাগরিকদের সম্ভাব্য ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধি’ সম্পর্কে সতর্ক করা হয়।
এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেন। এসব কথোপকথনে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ‘আগ্রাসনের’ জবাব ইরান ‘সুনির্দিষ্ট ও আনুপাতিকভাবে’ দেবে।
অ্যাক্সিওসের প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস কোনো মন্তব্য করেনি। সূত্র: আনাদোলু এজেন্সি।