বলিউডে কারিনা কাপুর খান সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় তাকে অন্য তারকাদের থেকে আলাদা করে বলে অনেকের ধারণা। কেউ মনে করেন তিনি আত্মবিশ্বাসী, আবার কেউ তাকে কিছুটা অহংকারী মনে করেন। সম্প্রতি একটি মুহূর্ত যেন এই বিতর্ককে নতুন করে উসকে দিল।
ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের একটি ম্যাচে। নিজের দল কলকাতা টাইগার্সের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সাইফ আলি খান এবং করিনা কাপুর খান। তাদের সঙ্গে ছিলেন দুই সন্তান, তৈমুর এবং জেহ্। গ্যালারিতে উপস্থিত ছিলেন ‘বিগ বস ১৩’-এর খ্যাত অভিনেত্রী আরতি সিংহ, তার মা এবং স্বামী দীপক চৌহান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়,সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার জন্য বেশ উৎসাহী হয়ে পড়েন। তবে বিপত্তি বাঁধে করিনাকে নিয়ে।
অভিযোগ উঠেছে, আরতি ও তার পরিবার কারিনার উপস্থিতি প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। যা তিনি মোটেও সহজভাবে নেননি।
ভিডিওতে দেখা যায়, আরতির দিকে বেশ কড়া ও বাঁকা নজরে তাকাচ্ছেন তিনি। পরিস্থিতি আঁচ করতে পেরে সাইফ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
যদিও ক্যামেরার সামনে সবাই হাসিমুখে পোজ দেন, করিনার বিরক্ত দৃষ্টির মুহূর্তটি নেটিজেনদের নজর এড়ায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা নানা মন্তব্য করতে শুরু করেন। কেউ লিখেছেন, তার আচরণ সবসময়ই আত্মবিশ্বাসী। আবার কেউ মন্তব্য করেছেন, নিজেকে অনেক বড় মনে করেন তিনি।