রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের প্রত্যাশা, এ মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। তাদের দাবি, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হতে পারে।
এ সময় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল মাহফিল হতে যাচ্ছে। মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।