হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি।
তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাননি বলে জানিয়েছেন পুলিশ। বরং ঘটনাটিকে ‘নাটক’ বলে মন্তব্য করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
বৈছাআ নেতা মাহদী হাসানের দাবি, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তার ঘরের টিনের চালে পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু নিক্ষেপ করা হয়। পরে বিষয়টি জানিয়ে ফেসবুকে লাইভে আসেন মাহদী।
লাইভে এসে মাহদী তার চাচার বাসার বিদ্যুতের মিটারে পেট্রোল বোমা পড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার চিত্র দেখান। একইসঙ্গে মাটিতেও পেট্রোল বোমার অংশ পড়ে থাকতে দেখানোর চেষ্টা করেন।