1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যক্তিজীবনে গসিপ বা পরচর্চার প্রভাব কী, যা বলছে গবেষণা পাকিস্তানের সিনেমা নিয়ে মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে শাকিব দিলেন ভুল তথ্য পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান শিশুদের ফুটবল খেলার জেরে হত্যার শিকার বৃদ্ধের দাফনে বাধা, মামলা তুলে নিতে হুমকি ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে’, ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনায় ওয়ার্নার শিশুদের খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা ১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে

ব্যক্তিজীবনে গসিপ বা পরচর্চার প্রভাব কী, যা বলছে গবেষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

গসিপ বা পরচর্চা করাকে সাধারণত খারাপ অভ্যাস হিসেবে বিবেচনা করা হয়। যদিও, রাজনীতি ও বিনোদন অঙ্গনের বিভিন্ন গল্পের সামাজিক প্রভাব রয়েছে।

একটি গবেষণার বরাতে মার্কিন ম্যাগাজিন সায়েন্টিফিক আমেরিকানের একটি প্রতিবেদনে বলা হয়, বর্তমানে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় এক ঘণ্টা সময় পরচর্চা করে কাটায়। তবে গবেষকরা আমাদের সামাজিক জীবনের এই অনুষঙ্গটিকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছেন।

টেক্সাসের রাইস ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী তিয়ানজুন সান ও তার সহগবেষকদের গবেষণায় পরচর্চার ক্ষতিকর দিকগুলো উঠে এসেছিল। তাদের গবেষণার কেন্দ্রে ছিল হয় পরচর্চাকারী, নয়তো যার সম্পর্কে কথা বলা হচ্ছে তিনি।

তবে বর্তমানে তারা গবেষণার দিক পাল্টেছেন বলে জানিয়েছেন বিজ্ঞানী সান। তারা এখন পরচর্চার ইতিবাচক দিক, পরচর্চাকারী, শ্রোতা ও যার সম্পর্কে বলা হচ্ছে—এই তিন পক্ষের গতিপ্রকৃতি নিয়ে কাজ করছেন।

গসিপের ইতিহাস ভাষার সূচনালগ্ন থেকেই। এক প্রতিবেদনে বিবিসি জানায়, বিবর্তনীয় মনোবিজ্ঞানী রবিন ডানবারের মতে, মানুষ একে অপরের সঙ্গে গসিপ বা কানাঘুষা করতে করতেই মূলত ভাষার বিবর্তন ঘটেছিল।

আদি রূপ থেকে শুরু করে আজ পর্যন্ত 'গসিপ' বা পরচর্চা হলো এমন এক মাধ্যম যার সাহায্যে সমাজে দরকারি সব তথ্য ছড়িয়ে দেওয়া যায়—যেমন কার ওপর ভরসা করা যায় কিংবা কার ওপর যায় না, কে সুযোগসন্ধানী বা ফাঁকিবাজ, কে শুধু বকবক করে বেড়ায়।

ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনস্টারের ফেলো ক্যাথরিন ওয়াডিংটন বলেন, গসিপ বা পরচর্চা তুচ্ছ বা ক্ষতিকর কোনো বিষয়—এই ধারণা ভেঙে দিতে তিনি গবেষণা পরিচালনা করেছেন।

তার মতে, কর্মক্ষেত্র থেকে পরচর্চা পুরোপুরি দূর করার পক্ষে যেমন প্রচুর লেখালেখি রয়েছে, তেমনি এসব থেকে দূরে থাকার আধ্যাত্মিক কারণ তুলে ধরে লেখা বইও কম নেই।

এই গবেষকের ভাষ্য, পরচর্চা বা গসিপ নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার বাইরেও এর সঙ্গে সহানুভূতি, সহমর্মিতা এবং অন্যের কষ্ট অনুধাবনের নিবিড় যোগসূত্র থাকতে পারে। এটি শুধু ইতিবাচক বা নেতিবাচক আবেগ প্রকাশের মাধ্যমই নয়, বরং মনের ভেতরের জমে থাকা চাপ বা ক্ষোভ হালকা করার এবং সামাজিক অবিচার বা বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোরও একটি উপায়।

স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের অধ্যাপক মিশেল গেলফান্ডের মতে, গসিপ বা কানাঘুষা হলো মানুষের যোগাযোগের একটি বৈশিষ্ট্য। স্থান বা কাল নির্বিশেষে প্রত্যেকেই কমবেশি এটি করে থাকে।

গেলফান্ড বলেন, 'গসিপ উপকারী কারণ এটি মানুষের সুনামও ছড়ায়। মানুষ যত বেশি অন্যদের অর্জন নিয়ে ভাবতে শুরু করে, ততই নিজের অর্জন নিয়েও সচেতন হয়ে উঠতে পারে।'

'গসিপ যারা করে, ভবিষ্যতে তারা নিজেরাই যেন গসিপের বিষয়বস্তু না হয়, সেদিকেও খেয়াল রাখে। "গসিপ সবসময়ই অবমাননাকর" এই ধারণার কারণে এর ইতিবাচক দিক নিয়ে আমাদের বোঝাপড়া আড়াল হয়েছে,' বলেন তিনি।

গেলফান্ড ও তার গবেষক দল দেখেছে যে, পরচর্চাকারীদের দেওয়া তথ্য সঠিক হলে পারস্পরিক সহযোগিতা বিকশিত হয়।

মানুষ কীভাবে 'গসিপ' করে তার অনুকরণ করতে তারা থিওরিটিক্যাল মডেলে একটি গেম ডেভেলপ করেন। এই মডেলে কিছু কাল্পনিক ‘এজেন্ট’ রাখা হয়, যারা প্রতিবেশীদের সঙ্গে কীভাবে গসিপ করবে তা নির্ধারণে বিভিন্ন কৌশল ব্যবহার করত।

গেলফান্ড বলেন, 'আমরা ওই মডেলে অনেক ভিন্ন ভিন্ন কৌশল অন্তর্ভুক্ত করেছিলাম। যে কৌশলটিতে সবচেয়ে বেশি লাভ বা সুফল মেলে, সেটিই শেখা বা অনুকরণের প্রবণতা বেশি দেখা যায়।'

প্রান্তিক জনগোষ্ঠীর ওপর গসিপ বা পরচর্চা কীভাবে প্রভাব ফেলে—সে বিষয়ে একটি গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।

এস এ জার্নাল অব ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, স্থানীয়ভাবে গসিপ বা পরচর্চার ফলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে শক্তিশালী সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে।

গবেষকরা ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে দক্ষিণ ইতালির রিয়াসে শহরের শরণার্থী ও অভিবাসীদের সাক্ষাৎকার নিয়ে ওই ফলাফলে পৌঁছেছিলেন।

গসিপ বা পরচর্চা নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সাধারণ ধারণার মতো 'গসিপ' সবসময় মিথ্যা বা ক্ষতিকর হয় না। এর বড় অংশই সত্য ও তথ্যনির্ভর। তবে গবেষকদের পরামর্শ—কে কী উদ্দেশ্যে তথ্যটি ছড়াচ্ছে, তা যাচাই করা জরুরি।

ওয়েস্টমিনস্টার ফেলো ক্যাথরিন বলেন, 'আমি সব গসিপকে ভালো বলছি, এমন নয়। অনেক সময় এগুলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে। নেতিবাচক গসিপ একধরনের হয়রানি, যা মানসিকভাবে ক্ষতিকর। তাই গসিপ করা বা না করার সিদ্ধান্তটি সবসময়ই একটি নৈতিক সিদ্ধান্ত।'

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ