ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গ্যালারিতে পতাকা ও ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে জর্জিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকরা। এ ঘটনায় ম্যাচের মাঝপথে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি।
জর্জিয়ার বাতুমি শহরে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলের ক্লাব হাপোয়েল বেয়ার শেভার মুখোমুখি হয়েছিল বেসিকতাস। ম্যাচের ২৬ মিনিটে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে খেলা বন্ধ করে দেন রেফারি। তখন দুই দলের স্কোর ছিল ০-০। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয় বেসিকতাস।
তুরস্কের সম্প্রচারমাধ্যম হাবেরতুর্কের প্রতিবেদন অনুযায়ী, বেসিকতাস সমর্থকদের লক্ষ্য করে পেপার স্প্রে ব্যবহার করে জর্জিয়ার পুলিশ। এ সময় গ্যালারিতে ফিলিস্তিনের পতাকাও প্রদর্শন করেন সমর্থকরা।
ঘটনার পর এক বিবৃতিতে জর্জিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছে বেসিকতাস। ক্লাবটি জানায়, ম্যাচের আগে ও চলাকালে সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে তারা। পাশাপাশি ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সমর্থকদের দ্রুত সুস্থতা কামনা করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশনও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ফেডারেশন বলেছে, বেসিকতাস সমর্থকদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ ও বৈষম্য করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানাবে তারা।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর আগে হাপোয়েল বেয়ার শেভার খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানিয়েছিলেন বেসিকতাসের ফুটবলাররা।
উল্লেখ্য, নিরাপত্তা ও সুরক্ষাজনিত কারণ দেখিয়ে ইস্তাম্বুলে ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছিল তুরস্কের কর্তৃপক্ষ। পরে উয়েফা ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে জর্জিয়ার বাতুমিতে নির্ধারণ করে। হাপোয়েলের আগের দুটি অ্যাওয়ে ম্যাচে দর্শকদের প্রবেশের অনুমতি না থাকলেও এবার গ্যালারিতে দর্শক উপস্থিতির সুযোগ দেওয়া হয়েছিল।