জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও পুলিশ বাহিনী এখনো পুরোপুরি মনোবল ফিরে না পাওয়া এবং জেলা পুলিশের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে মাঠপর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনছে কর্তৃপক্ষ।
এদিকে, গত সপ্তাহে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গোপালগঞ্জের দুটি থানা এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে বাসিন্দারা এখন পুলিশের সেবার বাইরে আছেন।
পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, কয়েকজন কর্মকর্তা কিছু সংবেদনশীল তথ্য ফাঁস করছেন এবং দেশজুড়ে সাম্প্রতিক নাশকতার ঘটনায় তাদের যোগসূত্র রয়েছে—এমন অভিযোগ ওঠার পর অভ্যন্তরীণ নজরদারি জোরদার করা হয়েছে।
সূত্রগুলো জানায়, এসব ঘটনা তদন্ত করার সময় বিদেশে অবস্থানরত কয়েকজন পুলিশ সদস্যের নাম আসে, যাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদেরও যোগাযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করায় কর্মরত পুলিশ সদস্যদের ফোন করে হুমকি দিচ্ছেন পলাতক কর্মকর্তারা।
গত বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিবাদী শক্তি’র সঙ্গে জড়িত ছিলেন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।
'তারা কঠোর নজরদারিতে আছেন। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে,' বলেন তিনি।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন—পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবুল হাসান, এসপি মো. আবুল কালাম আজাদ এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাকিবুল হাসান।
গতকাল যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং তথ্যফাঁসের অভিযোগে আরও কয়েকজন পুলিশ সদস্য নজরদারিতে রয়েছেন।'
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে।
খাগড়াছড়ি এপিবিএনের অতিরিক্ত এসপি আবুল হাসানকে ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। গোপালগঞ্জের বাসিন্দা আবুল হাসানকে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি গোপালগঞ্জের দুই থানায় হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
পরদিন গ্রেপ্তার করা হয় ২৫ বিসিএসের এসপি মো. আবুল কালাম আজাদ ও ৩৩ বিসিএসের এএসপি মো. রাকিবুল হাসানকে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আজাদকে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের রাকিবুল হাসানকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, ওই কর্মকর্তাদের কারও কারও বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের আগে দায়িত্ব পালনকালে অপরাধ সংঘটনের অভিযোগ ছিল এবং গ্রেপ্তারের ক্ষেত্রে সেসব অভিযোগও সামনে আনা হচ্ছে।
তবে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড, যোগাযোগ এবং নাশকতার সঙ্গে সম্পৃক্ততা বিষয়ে সংগৃহীত তথ্যের কারণেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় সূত্রগুলো।
গত বুধবার সরকার ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে। এর মধ্যে পাঁচটি সীমান্তবর্তী জেলা।
এর আগে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়।
পুলিশের সূত্র জানায়, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব আনার মাধ্যমে কর্তৃপক্ষ মাঠপর্যায়ে বাহিনীকে পুনর্গঠিত করছে।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জেলা পুলিশের নেতৃত্বস্থানীয় কর্মকর্তা বাছাইয়ে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম এমন কর্মকর্তাদের এসব পদে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সূত্রগুলো জানায়, জেলায় পদায়ন হওয়া কিছু কর্মকর্তা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থও হয়েছেন এবং তাদের পর্যায়ক্রমে জেলা পর্যায়ের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলার এক সপ্তাহের বেশি সময় পরও কোনোটিই স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি।
গত ১৭ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। দুই দিন পর ১৯ নভেম্বর দুপুরের দিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এবং পুলিশের গাড়িসহ ভেতরে রাখা ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।
মুকসুদপুর থানার এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে সেখানে ৩৫ জন পুলিশ সদস্য মোতায়েন আছে।
'এখানে আর কিছুই অবশিষ্ট নেই। আমরা শুধু পোড়া ভবন ও গাড়িগুলো পাহারা দিচ্ছি। মানুষ কোনো সেবার জন্য ফোন করলে আমরা তাদের সার্কেল এএসপি বা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি। কারণ আমাদের করার তেমন কিছু নেই,' বলেন তিনি।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ওই দুই থানার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হতে সময় লাগবে।
তিনি বলেন, 'বর্তমানে শুধু অনলাইন জিডি সেবা চালু রয়েছে। গাড়ি, ভবন ও নথিপত্র—সবকিছুই ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে পুরোদমে থানা পরিচালনা করা সম্ভব নয়।'
দুটি থানা কবে নাগাদ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারবে, তা তিনি জানাতে পারেননি। থানাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি কমিটি গঠন করা হয়েছে।