সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল নগরীর ৩০টি খালের উন্নয়ন, পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বরিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, এই প্রকল্পের আওতায় নগরীর ১০টি খালের সৌন্দর্যবর্ধন এবং ২০টি খাল পুনঃখনন করা হবে। পাশাপাশি বিভিন্ন খালের পাড় সংরক্ষণ ও পুনরুদ্ধারের প্রয়োজনীয় কাজ করা হবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বরিশাল নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন প্রসারের নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্পটি বরিশালকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।