দুর্নীতির অভিযোগ জানাতে সরকারি দপ্তরে ঘুস দাবি, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন কিংবা ক্ষমতার অপব্যবহারের তথ্য সরাসরি দুর্নীতি দমন কমিশনের ১০৬ হটলাইনে জানানো যায়। দেশের যেকোনো স্থান থেকে মোবাইল বা টেলিফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে এই নম্বরে কল করা সম্ভব।
২০১৭ সালের ২৭ জুলাই সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে দুদক ১০৬ হটলাইন চালু করে। সরকারি ছুটির দিন বাদে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হেল্পলাইনে যোগাযোগ করা যায়।
ইচ্ছুক ব্যক্তি চাইলে তার বক্তব্য রেকর্ডও করা হয়। তবে হেল্পলাইনে বর্তমানে লোকবল কম থাকায় সংযোগ পেতে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
সব ধরনের অভিযোগ দুদক গ্রহণ বা অনুসন্ধান করে না। দুদক আইন, ২০০৪-এর তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়া বিষয়গুলোই কমিশন বিবেচনা করে। কমিশনের ওয়েবসাইটে উল্লেখিত প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর ঘুস, উপঢৌকন বা অবৈধ সুবিধা দাবি কিংবা গ্রহণ। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অবৈধ সম্পদ নিজের বা অন্যের নামে অর্জন করলেও অভিযোগ করা যায়। সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মী কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মীদের অর্থ বা সম্পদ আত্মসাতের ঘটনাও এর মধ্যে পড়ে।
ক্ষমতার অপব্যবহার করে নিজের বা অন্য কারও অবৈধ সুবিধা নিশ্চিত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগ কমিশনে আসে। দুর্নীতি ও ঘুস থেকে অর্জিত অর্থ বা সম্পদ পাচারের অপরাধ এবং সরকারি সম্পদ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ বা দাপ্তরিক দায়িত্ব ঘিরে প্রতারণা ও জালিয়াতির ঘটনাও বিবেচনায় নেওয়া হয়। পাশাপাশি দায়িত্বের অপব্যবহার করে কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা করলে তা নিয়ে অভিযোগ করা যায়। সরকারি ক্রয়-বিক্রয়, নির্মাণকাজ, উন্নয়ন প্রকল্প, শুল্ক ও রাজস্ব এবং লাইসেন্স প্রদানসহ বিভিন্ন খাতের অনিয়মও কমিশনের আওতায় আসতে পারে, তবে ঘটনাটি তফসিলভুক্ত কি না তা আইন ও প্রকৃতি দেখে কমিশন নির্ধারণ করে।
ঘুস চাওয়া হলে টাকা দেওয়ার আগেই দুদককে জানানো যায়।
১০৬ নম্বরে ফোন করে বা কাছের দুদক কার্যালয়ে গিয়ে বিস্তারিত জানাতে হয়। অভিযোগের সত্যতা ও পরিস্থিতি বিচার করে কমিশন পদক্ষেপ নেয় এবং ঘুসখোরকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযানও পরিচালনা করে। এ ক্ষেত্রে কখন, কোথায়, কে কত টাকা ঘুস দাবি করেছেন এবং কোন কাজের জন্য টাকা চাওয়া হয়েছে তা স্পষ্টভাবে বলতে হয়। সম্ভব হলে সংশ্লিষ্ট কথোপকথন, নথি বা অন্যান্য প্রমাণ সম্পর্কেও জানাতে হয়।
শুধু অভিযোগ করলেই কাজ শেষ হয় না। সুনির্দিষ্ট তথ্য ও প্রাথমিক প্রমাণ থাকলে যাচাই-বাছাই সহজ হয়। দুদকের নির্দেশনা অনুযায়ী অভিযোগে মূলত চারটি বিষয় থাকা প্রয়োজন। এর মধ্যে রয়েছে অভিযোগের বিস্তারিত বিবরণ ও ঘটনার সময়কাল, সমর্থনে তথ্য-উপাত্ত ও প্রমাণের বিবরণ, অভিযুক্ত ব্যক্তির নাম, পদবি ও ঠিকানা এবং অভিযোগকারীর নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর যদি তিনি পরিচয় দিতে চান। অবৈধ সম্পদের ক্ষেত্রে অভিযুক্তের নাম, পেশা, পদবি ও ঠিকানার পাশাপাশি বাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি বা অন্যান্য স্থাবর সম্পদের অবস্থান, পরিমাণ ও আনুমানিক মূল্য উল্লেখ করা ভালো। ব্যাংক হিসাব, এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অবস্থান ও ধরন সম্পর্কে জানা তথ্যও দেওয়া যায়। বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ জীবনযাপনের সুনির্দিষ্ট তথ্য থাকলে তা উল্লেখ করা জরুরি। সরকারি অর্থ আত্মসাৎ বা ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে কত টাকা আত্মসাৎ হয়েছে, কোন দায়িত্বে থেকে, কখন ও কীভাবে ঘটনা ঘটেছে এবং কারা জড়িত তার বিস্তারিত লিখতে হয়।
ফোন করলেই প্রতিটি অভিযোগে অনুসন্ধান শুরু হয় না।
প্রথমেই দেখা হয় অভিযোগটি দুদকের তফসিলভুক্ত অপরাধ কি না। যাচাই-বাছাইয়ে অভিযোগটি সুনির্দিষ্ট, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর কি না, দেওয়া তথ্য যাচাই করার সুযোগ আছে কি না, অভিযুক্ত ব্যক্তির ওই অপরাধের সুযোগ ও ক্ষমতা ছিল কি না, ব্যক্তিগত শত্রুতা বা হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে অপরাধ প্রমাণের বাস্তব সুযোগ আছে কি না তা দেখা হয়। হটলাইনের তথ্য প্রথমে অভিযোগ হিসেবে নথিভুক্ত ও যাচাই করা হয়, এরপর অনুসন্ধানযোগ্য হলে পরবর্তী ধাপ নেওয়া হয়।
ফোনের পাশাপাশি লিখিত অভিযোগও পাঠানো যায়। ঢাকার ১ সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান বা কমিশনার বরাবর অভিযোগ পাঠানো যায়। সংশ্লিষ্ট বিভাগের দুদক কার্যালয়ের পরিচালকের কাছেও অভিযোগ জমা দেওয়া যায়। ঘটনার এলাকার দায়িত্বপ্রাপ্ত দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ পাঠানো সম্ভব। দুদকের ৩৬টি সমন্বিত জেলা কার্যালয় রয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা-১, ঢাকা-২, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম-১, চট্টগ্রাম-২, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, পিরোজপুর, চাঁদপুর, বাগেরহাট, ঝিনাইদহ, নওগাঁ, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম। এছাড়া ই-মেইল ঠিকানা এবং দুদকের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমেও অভিযোগ জানানো যায়। লিখিত আবেদনে ঘটনার বিস্তারিত বিবরণ, সময়কাল, অভিযুক্তের নাম-পদবি-ঠিকানা ও প্রমাণের বিবরণ দিয়ে প্রাসঙ্গিক কাগজপত্রের অনুলিপি যুক্ত করা যায়।
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৮খ ধারায় তফসিলভুক্ত অপরাধের তথ্যদাতার নাম, ঠিকানা বা পরিচয় গোপন রাখার সুরক্ষা রয়েছে।
তবে আদালতে ইচ্ছাকৃত মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে বা ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে আইনে ব্যতিক্রমের সুযোগ আছে। লিখিত অভিযোগে পরিচয়ের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয় বলে দুদকের নির্দেশনায় উল্লেখ রয়েছে।
ব্যক্তিগত অভিযোগ ছাড়াই সংবাদপত্র বা গণমাধ্যমের প্রতিবেদন কিংবা নিজস্ব উদ্যোগে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে। অনুমান, গুজব বা ব্যক্তিগত বিরোধকে দুর্নীতি হিসেবে না দেখিয়ে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ দিলে তা যাচাইয়ে সহায়ক হয়।