২০২০ সালে শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেয় পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দুই দফা মেয়াদ বাড়ানো হলেও শেষ হয়নি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের চারলেন সড়ক প্রকল্পের নির্মাণকাজ। জমি অধিগ্রহণ জটিলতার কারণে তৃতীয় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ।
তবে স্থানীয়দের অভিযোগ প্রকল্পের তিনটি প্যাকেজের কোথাও কাজ চলতেও দেখা যাচ্ছে না, এমনকি প্রকল্প এলাকায় নেই কোনো শ্রমিক, নেই যন্ত্রপাতি। কবে শেষ হবে কাজ, তাও বলতে পারছে না কেউ।
স্থানীয় মোসারফ হোসেন ও আবুল কালাম বলেন, মহাসড়কে কাজির হাট কীর্তিনাশা নদীর ওপর ব্রিজটা ছয় বছরে অর্ধেক কাজও শেষ হয়নি। বর্তমানে তিন মাস ধরে কোনো কাজই চলে না।
তবে জমি বুঝে না পাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারেনি বলে দাবি একটি প্যাকেজের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হবিবুর আলম অ্যান্ড রানা বিল্ডার্সের প্রতিনিধি শরিফ হোসেন।
শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের তথ্যে জানা যায়, ঢাকায় সহজে যাতায়াতের জন্য ২০২০ সালে শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেয় পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
পরে জেলা শহর থেকে নাওডোবা যাতায়াতের ১৮ ফুট প্রশস্ত সড়কটিকে ৪ লেন করার জন্য ১ হাজার ৬৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
ওই প্রকল্পে ২৭ কিলোমিটার সড়ক ৪ লেনের জন্য ১০৫ হেক্টর জমি অধিগ্রহণের কাজ শুরু করে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। নির্মাণকাজ শুরু করা হয় ২০২১ সালে।
২৭ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও নির্মাণ প্রকল্পটির তথ্য থেকে জানা যায়, প্রকল্পটিকে তিনটি গুচ্ছ প্রকল্পে (প্যাকেজে) ভাগ করে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানকে নিযুক্ত করে সড়ক বিভাগ।
এর মধ্যে একটি প্যাকেজে জেলা শহর থেকে জাজিরা উপজেলা সদর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার কাজের দায়িত্ব পায় মীর হবিবুর আলম অ্যান্ড রানা বিল্ডার্স। জাজিরা টিঅ্যান্ডটি থেকে নাওডোবা পর্যন্ত ১২ কিলোমিটার কাজের দায়িত্ব পায় মেসার্স সালেহ আহমেদ, এবং অপর একটি প্যাকেজে দুটি সেতু ও সেতুর দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের ঠিকাদারী পায় জামিল ও জাহিদ ইকবাল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড।
এ তিনটি প্যাকেজের মধ্যে জেলা শহর থেকে জাজিরা পর্যন্ত যে প্যাকেজটি তার দুই কিলোমিটার এলাকার জমি অধিগ্রহণ এখনো শেষ করতে পারেনি জেলা প্রশাসনের এল এ শাখা।
সে কারণে ওই দুই কিলোমিটার অংশের কাজ শুরুই করা যায়নি বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হবিবুর আলম অ্যান্ড রানা বিল্ডার্সের প্রকৌশলী শাহ আলম।
তিনি বলেন, “এটা তো ডিসি অফিসের কাজ। আমরা বুঝব না। আমাদেরকে সড়ক বিভাগ জায়গা বুঝিয়ে দিলে, আমরা কাজ করতে পারব।”
এর মধ্যেই ৩০ জুন শেষ হয়েছে প্রকল্পের দ্বিতীয় দফা মেয়াদ।
এ ছাড়া অন্য দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের মেসার্স সালেহ আহমেদ এবং জামিল ও জাহিদ ইকবাল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় তারা দেশের বাইরে বা আত্মগোপনে আছেন।
দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ায় ঢাকা-শরীয়তপুর নির্মাণাধীন চারলেন সড়ক প্রকল্প জুড়ে এখন খানাখন্দ। তার মধ্য দিয়েই যানবাহন চলাচল করছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে, নষ্ট হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। যাতায়াতে চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা।
বর্ষা এলে মহাসড়কটিকাদা-পানিতে একাকার হয় দুর্ভোগ বাড়ে কয়েক গুণ।
শরীয়তপুর-ঢাকার পথে প্রতিদিন বাস চালান আবদুল হান্নান। তিনি বলেন, সড়কটি দিয়ে চলাচল অনেক ভোগান্তির। খানাখন্দ দিয়ে চলতে গিয়ে বাসের যান্ত্রাংশ ভেঙে সড়কের মধ্যেই বিকল হয়ে পড়ে। তখন ওই সড়ক দিয়ে চলাচল করা সব যানবাহন আটকে যায়।
আরেক চালক আবদুর করিম হোসেন বলেন, “এ মহাসড়কে চলতে গেলে অন্তত এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। এটা এখন প্রতিদিনের চিত্র।”
এ পথের নিয়মিত যাত্রী রহিম মোল্ল্যা, মাসুদ বেপারী বলেন, এ রাস্তায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। মাঝে মধ্যে গাড়ি উল্টে পড়ার মত ঘটনাও ঘটছে।
এদিকে মহাসড়কটির কাজের দীর্ঘসূত্রিতা নিয়ে ভূমি অধিগ্রহণের জটিলতার কথা জানালেন শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, আহাদ রহমান খান।
তিনি বলেন, এখনো ১৪, ১৫ ও ১৬ নং এল এ কেসের কিছু জায়গা অধিগ্রহণের জটিলতা আছে। পাশাপাশি প্রেমতলা সেতুর জমি অধিগ্রহণের জটিলতার কারণে এপ্র্যোচের কাজ বন্ধ ছিল। ভূমি অধিগ্রহণ জটিলতা কেটে গেছে। শীঘ্রই কাজ ধরা হবে।
কাজির হাটের সেতুর কাজ নিয়ে এ প্রকৌশলী বলেন, আবহাওয়া জটিলতার কারণে সেতুটির কাজ বন্ধ রয়েছে। নভেম্বর শেষে ব্রিজটির কাজ আবার শুরু হবে।
সড়কটির নির্মাণকাজের মেয়াদ আরও ১ বছর বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত কাজ শেষ করতে প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের এ প্রকৌশলী বলেন, “সড়কের ঠিকাদাররা কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা তাদের এরই মধ্যে চিঠি দিয়েছি, তারা যদি দ্রুত কাজ শুরু না করে, তাহলে কন্ট্রাক্ট বাতিল করে নতুনভাবে আমরা আগাব।”
স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ
ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক
ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না
ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?