1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

১-০ গোলে বাংলাদেশের হারের পর স্টেডিয়ামের গ্যালারিতে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে হতাশা ও ক্ষোভ থেকে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক।

পরে মাঠে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে মাঠে ফ্লেয়ার ছোড়াকে কেন্দ্র করে খেলা বন্ধ হওয়া এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ম্যাচটি নাটকীয় হয়ে ওঠে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। পুরো ম্যাচে গোলের জন্য একের পর এক চেষ্টা করেও পাকিস্তানের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেননি রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদরা।

কয়েকবার রক্ষণ ভেদ করতে পারলেও বাধা হয়ে দাঁড়ান পাকিস্তানের গোলরক্ষক কিংবা গোলপোস্ট। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

পুরো ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকটি ভালো সেভ করেন। তবে শেষ দিকে তার ভুলেই গোল হজম করে দল। শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে আব্দুল সামাদ শেহজাদ গোল করেন। তার ওই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠে পাকিস্তান।

গোল হজমের পর গ্যালারিতে হতাশা ছড়িয়ে পড়ে। এতক্ষণ হামজা-রাকিবদের সমর্থনে গলা ফাটানো দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। ম্যাচের শেষ দিকে কয়েকজন দর্শক মাঠের দিকে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে মাঠে ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছু সময় খেলা বন্ধ থাকে। ম্যাচ শেষে গ্যালারিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন।

ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলারদের হতাশ দেখা যায়। কয়েকজনকে কাঁদতেও দেখা গেছে। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল ছিল স্বাগতিকদের দখলে। লক্ষ্যেও কয়েকটি শট ছিল তাদের। কিন্তু গোলের দেখা পায়নি দলটি।

২০০৫ সালে সর্বশেষ সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন দেখলেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো হামজা চৌধুরীদের। অন্যদিকে, ভারতের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তান এবার ফাইনালে উঠেছে। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।

এদিকে, ম্যাচের একমাত্র গোলদাতা আব্দুল সামাদ হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার পাওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখন খুবই খুশি। ভাষা হারিয়ে ফেলেছি, কী বলব বুঝতে পারছি না। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। আমাদের কোচ বলেছিলেন, খেলাটা উপভোগ করতে এবং নিজেদের দিকে মনোযোগ রাখতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ