1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটির দাম কত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নেমেছেন জেলেরা। আর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে শিকারে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই আড়তদারদের নজর কাড়ে বহু আকাঙ্ক্ষার সেই ‘বড় ইলিশ’। পড়ে সেটি নিলামে বিক্রি হয়।

মৎস্য আড়তদার ও জেলেদের কাছ থেকে জানা যায়, নবী হোসেন নামের এক জেলের জালে ধরা পড়া ইলিশটি কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে। প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে ইলিশটি। পরে মাছটির দাম শুনে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে তৈরি হয় কৌতূহল।

শুক্রবার দুপুরে মাছটি মৎস্য আড়তে আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামি নিলামের মাধ্যমে এটি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি আড়তে তোলা হলে ডাকের মাধ্যমে ‘ঘরামি ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী জয়নাল ঘরামি মাছটি কিনে নেন। মাছটি তিনি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলেও জানিয়েছেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরও একটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় তিনি কিনেছিলেন।

মাছটি পাওয়া ট্রলারের জেলে নবী হোসেন বলেন, ‘আমরা দৈনিক মাছ শিকারে যাই। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটাই প্রথম বড় ইলিশ। ছোট জাটকা ইলিশ মাছের পাশাপাশি একটি বড় মাছ পেয়েছি। খুব ভালো দামে বিক্রি করেছি।’

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ‘ইলিশ জাতীয় মাছ। বড় ইলিশ সবারই খেতে মন চায়। তবে বর্তমানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মাছটি কিনতে চেয়েছিলাম তবে অনেক দাম হওয়ায় পারিনি।’

এ দিকে মাছটি কিনে নেওয়া ঘরামি ফিশের আড়তদার জয়নাল ঘরামি বলেন, ‘একে তো সমুদ্রে তেমন ইলিশই নেই। যা পাওয়া যায় বেশির ভাগই জাটকা। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫০০ টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক। আশা করি ভালো দামেই বিক্রি করতে পারব।’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়।

এ অধ্যাপক আরও বলেন, তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে হলে দীর্ঘমেয়াদি গবেষণা ও মাছের আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ