1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

দুঃসময়ের প্রহরে প্রোটিয়া-পরীক্ষায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক হতাশার সময়েই এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনে নাজমুল হোসেন শান্তর দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জোহানেসবার্গের শিল্পপ্রেমী মানুষদের কাছে একটি আকর্ষণীয় জায়গা ‘দা মেলরোজ গ্যালারি।’ ২০১৬ সালে প্রতিষ্ঠিত প্যান-আফ্রিকান সমকালীন শিল্পকলা গ্যালারিকেই এবার বেছে নেওয়া দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের ট্রফি উন্মোচনের জন্য। সেই আয়োজনে গিয়ে গোটা গ্যালারি ঘুরে ঘুরে দেখলেন দু্ই অধিনায়ক টেম্বা বাভুমা ও নাজমুল হোসেন শান্ত। নান্দনিক সব শিল্পকর্ম দেখে মুগ্ধ ও অভিভূত হলেন তারা।

এই গ্যালারির মূল আকর্ষণগুলোর একটি হলো এনডাবুকো এনটুলির শিল্পকর্ম। চারপাশের নিত্য ব্যবহার্য ও পরিত্যক্ত সাধারণ নানা জিনিসকেই সৃষ্টিশীলতার জাদুতে অপরূপ সব শিল্পকর্মে রূপ দিয়ে থাকেন এই শিল্পী। এরকম একটি শিল্পকর্ম দেখে বিস্মিত শান্ত গ্যালারির অ্যাটেনডেন্টকে জিজ্ঞেস করলেন, “এটি কি সত্যিকারের কুমড়ো দিয়ে বানানো…?”

বাংলাদেশ অধিনায়ক চাইলে নিজেকে এনটুলির জায়গায় বসাতে পারেন, কিংবা নিতে পারেন প্রেরণা। এনটুলির মতোই তো সাধারণ কিছুকে অসাধারণ করে তোলায় নেতৃত্ব দিতে হবে তাকে! সেটি করতে হবে মেলরোজ গ্যালারি থেকে গাড়িতে মিনিট দশেকের দূরত্ব ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।

‘সাধারণ’ এখানে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকায় তাদের অতীত কিংবা টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স, সবই অতি সাধারণ। কিন্তু দক্ষিণ আফ্রিকায় জয়ের জন্য তো বটেই, লড়াই করতে হলেও প্রয়োজন অসাধারণ কিছু। শান্ত আর তার দলের সেই ‘এনটুলি’ হয়ে ওঠার চেষ্টার শুরু রোববার। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু জোহানেসবার্গ সময় সকাল ১০টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায়।

শিল্পকর্মের সঙ্গে অবশ্য ক্রিকেটকে ঠিক মেলানো যায় না। স্রেফ ক্রিকেটীয় দিক থেকেই শান্তদের কাজটি কঠিন। দক্ষিণ আফ্রিকায় এসে ভালো কিছু করা ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলো একটি। সম্প্রতি সেটি বুঝে গেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জিতেও সিরিজ হেরে ফিরেছে তারা। বাংলাদেশ তো সেটি বুঝে আসছে বছরের পর বছর ধরেই। দক্ষিণ আফ্রিকায় আট টেস্টের পাঁচটিতেই তারা হেরেছে ইনিংস ব্যবধানে, বাকি তিনটিতেও বিশাল ব্যবধানে।

সাম্প্রতিক পারফরম্যান্সও এমন কিছু নয় যে, এবার ভিন্ন কিছুর আশা করা যায়। গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক সেই জয়ের পর ম্যাকাইয়ে হারতে হয়েছে দুই দিনে, আফগানিস্তানের বিপক্ষে ড্র মেনে নিতে হয়েছে জয়ের দুয়ার থেকে, দেশের মাঠে অপ্রত্যাশিতভাবে সিরিজ হারতে হয়েছে দেশের মাঠে। টেস্ট ক্রিকেটে নতুন দিনের গান বাজতে শুরু করেছিল দেশের ক্রিকেটে, কিন্তু সেই সুর মিলিয়ে গেছে পুরোনো বেতালের থাবায়।

টেস্ট শুরুর আগের দিন শান্ত অবশ্য জোর দিয়ে বললেন, দলের মনোবল এখনও অটুট আছে।

“মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আমাদের গত দুই-তিনটা ম্যাচ ভালো যায়নি। এটা সত্যি। তবে ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা না করে আমরা সামনে কীভাবে ভালো করতে পারি, এটা গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, কোন কোন জায়গায় আরেকটু ভালো করতে পারতাম, এগুলা নিয়ে আলোচনা ছিল, যদিও এটা ভিন্ন কন্ডিশন।

“এই কন্ডিশনে কীভাবে ব্যাটসম্যান এবং বোলাররা ভালো করতে পারে, তা গুরুত্বপূর্ণ। মানসিকভাবে সবাই ভালো একটা অবস্থানে আছে এবং আমি মনে করি যে, আমাদের সেরা খেলাটা আমরা যদি এখানে খেলতে পারি, পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এখানে আমরা ভালোভাবে ম্যাচটা খেলতে পারব।”

অধিনায়ক বললেন বটে, তবে হৃদয়ের গভীরে সেই বিশ্বাসটা আছে তো? তার কণ্ঠে আবার বেশ জোর দেখা গেল।

“আমার তো অনেক বিশ্বাস। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দলই বিশ্বাস করে যে, এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।”

সেই আশা পূরণ করতে হলে সবচেয়ে জরুরি স্কোরবোর্ডে বড় রান তোলা। ব্যাটিংয়ে বাংলাদেশের ভোগান্তি বরাবরের। সাম্প্রতিক সময়েও তা প্রকট হয়েছে। শান্তও তা জানেন ভালো করেই।

“এই ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সেট হবেন উইকেটে, তাদের লম্বা ইনিংস খেলাটা খুব জরুরি। আমার মনে হয়, এখানে ব্যাটিংটা চ্যালেঞ্জিং অবশ্যই। কাজেই এখানে যদি আমরা বিশেষ করে প্রথম ইনিংসে বড় একটা সংগ্রহ গড়ে দিতে পারি, তাহলে আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা খুব ভালোভাবে লড়াই করতে পারব।”

বড় রানের আশাতেই সাত বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাচ্ছে দল। সঙ্গে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। পেস আক্রমণে থাকবেন তিনজন। বড় একটি সিদ্ধান্ত নিতে হবে টপ অর্ডারে। সেখানে তানজিদ হাসানের সঙ্গে মাহফিজুল ইসলামকে নেওয়া হবে নাকি মোহাম্মদ নাঈম শেখকে, সিদ্ধান্তটি নেওয়া হয়ে গেছে বলেই জানালেন অধিনায়ক। তবে তা খোলাসা করতে চাইলেন না আগেই।

দক্ষিণ আফ্রিকার অবশ্য অত রহস্যের ধারেকাছে নেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনের শুরুতেই তারা একাদশ ঘোষণা করে দিয়েছে। পরিকল্পনা, খেলার ধরন, লক্ষ্য, সবকিছুতেই তারা স্বচ্ছ। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন তারা। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে তারা টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। এখন লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে আরেকটি ফাইনাল। সেই পথে তারা পেরিয়ে যেতে চায় সব বাধা। মাড়িয়ে যেতে চায় বাংলাদেশকে।

যদিও টেস্ট বাংলাদেশের বিপক্ষে সেই একই ধরনের মানসিকতা ধরে রাখা কঠিন। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিপক্ষে যে প্রতিজ্ঞার বারুদ থাকে, লড়াইয়ের যে তাড়না থাকে, র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দলের বিপক্ষে সেই তাগিদ অনেক সময় থাকে না। মনের কোণে একটু হলেও ঢিলেমি ভাব চলে আসাটা অস্বাভাবিক নয়।

তবে প্রোটিয়া অধিনায়ক বাভুমা স্পষ্ট করেই বললেন, প্রতিপক্ষ দেখে নয়, নিজেদের ভেতর থেকেই তাড়নার উৎস খুঁজে নেবেন তারা।

“আমরা ভেতরে ভেতরে সবসময়ই মনোযোগটা ধরে রাখি। জানি, এটা ক্লিশে মনে হতে পারে। কিন্তু আমাদের যত ইনটেনসিটি ও ফোকাসেরই প্রয়োজন হোক না কেন, আমরা সবসময় নিজেদের দিকেই তাকাই। বাংলাদেশের বিপক্ষে এই চ্যালেঞ্জের ক্ষেত্রে, আমাদের লক্ষ্য হবে কীভাবে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং একই সঙ্গে, দল হিসেবে কীভাবে আরও ভালো করতে পারি।

“আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেমনটা আমরা সবসময় বলি, আমাদের সামনে যা আসবে, সেটিকেই আলিঙ্গন করে নেব আমরা। আমরা আমাদের প্রক্রিয়াতেই অটল থাকব। এই সবকিছুকে ঘিরে যে গল্প বা আখ্যান তৈরি হবে, আমরা তার মধ্যে থেকে আনন্দ খুঁজে নেব, কিন্তু হ্যাঁ, আমরা আমাদের প্রক্রিয়া ও লক্ষ্যে অবিচল থাকব।”

বাভুমারা সেটা করতে পারলে বাংলাদেশের আশার জায়গা নেই। তবে শান্তরা যদি ‘এনটুলি’ হয়ে উঠতে পারেন, কে জানে, ক্রিকেটের কোনো নান্দনিক শিল্পকর্মের জন্ম হতেও পারে!

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ