রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস!
মহাকাশে ২২ ঘণ্টার অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসে উৎক্ষেপণকেন্দ্রের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি মহাকাশযান স্টারশিপ। মহাকাশ থেকে ফিরে কোনো স্টারশিপকে এভাবে মাঝআকাশে ধরে ফেলার ঘটনা এটিই প্রথম।
শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে অভিযানের শুরুতে উৎক্ষেপণের পর প্রথম ধাপের রকেটটি বিস্ফোরিত হওয়ায় পরিকল্পনা অনুযায়ী দুটি অংশকে উদ্ধার করা সম্ভব হয়নি। রকেটটির ধ্বংসাবশেষ মেক্সিকো উপসাগরে পড়ে।
এরপরও স্টারশিপের সফল প্রত্যাবর্তনকে বড় সাফল্য হিসেবে দেখছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ঘটনা চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য মহাকাশযানটির পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি প্রমাণে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
৪০৭ ফুট দীর্ঘ স্টারশিপটি পৃথিবী থেকে প্রায় ২৬৫ কিলোমিটার উচ্চতায় ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ করে। এ সময় মহাকাশযানটি ২৬টি উন্নত স্টারলিংক উপগ্রহ কক্ষপথে স্থাপন করে। এটি ২০২৩ সালের পর স্টারশিপের ১৫তম পূর্ণাঙ্গ উড্ডয়ন এবং দ্বিতীয়বারের মতো কক্ষপথে পৌঁছানোর অভিযান।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ সাফল্যকে স্বাগত জানিয়েছে। চাঁদে নভোচারী পাঠানোর ভবিষ্যৎ অভিযানে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালে চাঁদে মানুষ অবতরণের লক্ষ্য নিয়েছে নাসা।