1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

কার্বন ক্রেডিটের আশায় চিনি করপোরেশন, আখচাষে ১২৮ কোটি টাকা আয়ের হিসাব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক গবেষণার তথ্য ব্যবহার করে হিসাবটি তৈরি করা হলেও এর পক্ষে নিজস্ব কোনো পূর্ণাঙ্গ গবেষণা নেই। কার্বন ক্রেডিট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টিও এখনও নিশ্চিত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আখ চাষে পরিবেশের উপকারকে আয়ের উৎসে রূপ দিতে চায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। লোকসান, ঋণের সুদ আর বন্ধ চিনিকলের চাপ সামলাতে ‘কার্বন ক্রেডিট’ থেকে আয়ের নতুন এ পথ খুঁজছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।

সংস্থাটির হিসাবে, এর সম্ভাব্য আর্থিক মূল্য ১২৮ কোটি টাকার বেশি। তবে এই অর্থ আয় করতে আন্তর্জাতিক স্বীকৃতি ও যাচাইয়ের প্রয়োজন। সেই পথ খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

পাশাপাশি চিনিকলের উপজাত ও অব্যবহৃত জমি কাজে লাগিয়েও আয় বাড়াতে চায় দীর্ঘদিন থেকে লোকসানের বোঝা বয়ে চলা সংস্থাটি।

তবে কার্বন শোষণ থেকে আয় করার এ অর্থ এখনও সংস্থার আয় হিসাবে যুক্ত হয়নি। আন্তর্জাতিক গবেষণার তথ্য ব্যবহার করে হিসাবটি তৈরি করা হলেও এর পক্ষে নিজস্ব কোনো পূর্ণাঙ্গ গবেষণা নেই। কার্বন ক্রেডিট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টিও এখনও নিশ্চিত হয়নি।

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৃহস্পতিবারের বৈঠকে উপস্থাপনের তৈরি কার্যপত্রে এসব বিষয় তুলে ধরেছে বিএসএফআইসি।

এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থার আওতাধীন জমিতে আখচাষের মাধ্যমে আনুমানিক ১১ লাখ ৪৩ হাজার টন ‘কার্বন ক্রেডিট’ অর্জিত হয়েছে। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ১ হাজার ১২৪ টাকা। এই পরিমাণ ও মূল্য গুণ করলে তাত্ত্বিক আর্থিক মূল্য দাঁড়ায় ১২৮ কোটি ৪৭ লাখ ৩২ হাজার টাকা।

সংস্থাটি এটিকে আর্থিক সুবিধায় রূপ দেওয়ার চেষ্টা করছে। এ খাত থেকে অর্থ পাওয়া গেলে তা আখচাষিদের মধ্যে বিতরণের পরিকল্পনাও করছে চিনিকলগুলোর দেখভালকারী সংস্থাটি।

বিএসএফআইসির সচিব মোহাম্মদ মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখ একটি সি-ফোর শ্রেণির উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে শর্করা তৈরি করতে পারে। দীর্ঘসময় জমিতে আখগাছ থাকায় কার্বন শোষণের সুযোগও তৈরি হয়।

এ নিয়ে নিজেদের ‘পূর্ণাঙ্গ’ গবেষণা না থাকলেও তিনি বলেন, এক একর জমিতে কতটি আখগাছ থাকে এবং প্রতিটি গাছ কী পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করেছে সংস্থাটি।

কার্বন ক্রেডিট থেকে কোনো অর্থ পাওয়ার তথ্য দিতে পারেননি সচিব। বলেন, আন্তর্জাতিক গবেষণার ভিত্তিতে আখের কার্বন শোষণের বিষয়টি তুলে ধরে পরিবেশ ও জলবায়ু-সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন তারা। সেই অর্থ পাওয়া গেলে আখচাষিদের মধ্যে বিতরণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আখগাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। তবে গাছের শোষণ করা কার্বনের পুরো পরিমাণকে সরাসরি আন্তর্জাতিক বাজারে বিক্রিযোগ্য কার্বন ক্রেডিট হিসেবে গণনা করা যায় না।

আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়মে একটি কার্বন ক্রেডিট সাধারণত এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইডের সমপরিমাণ যাচাই করা নিঃসরণ হ্রাস বা অপসারণের প্রতিনিধিত্ব করে।

কার্বন ক্রেডিট নিবন্ধনকারী আন্তর্জাতিক সংস্থা ভেরার নিয়ম অনুযায়ী, কোনো প্রকল্পে স্বাভাবিক অবস্থার তুলনায় অতিরিক্ত কতটা কার্বন অপসারণ হয়েছে বা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমেছে, তা স্বীকৃত পদ্ধতিতে হিসাব করতে হয়। এরপর স্বাধীন সংস্থার মাধ্যমে সেই হিসাব যাচাই ও অনুমোদন করা হয়।

‘কার্বন ক্রেডিট’ হলো কার্বন ডাই-অক্সাইড বা অন্যান্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে তৈরি একটি আন্তর্জাতিক বাজারভিত্তিক ব্যবস্থা বা সনদ, যেখানে একটি 'ক্রেডিট' বলতে এক টন কার্বন ডাই-অক্সাইড বাতাসে নির্গমনের অধিকারকে বোঝায়।

আন্তর্জাতিক বাজারেও সব ধরনের কার্বন ক্রেডিটের দাম এক নয়। পরিবেশবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ফরেস্ট ট্রেন্ডসের উদ্যোগ ইকোসিস্টেম মার্কেটপ্লেসের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে আন্তর্জাতিক স্বেচ্ছামূলক কার্বন বাজারে কৃষিভিত্তিক প্রকল্পের ক্রেডিটের গড় বিক্রয়মূল্য ছিল প্রতি টন ৭ দশমিক ৬৬ ডলার।

একই সময়ে বন ও ভূমি ব্যবহারসংক্রান্ত প্রকল্পের ক্রেডিটের গড় মূল্য ছিল ৯ দশমিক ২৭ ডলার। তবে এগুলো বাজারে লেনদেন হওয়া কার্বন ক্রেডিটের গড় মূল্য। শুধু আখচাষের মাধ্যমে কার্বন শোষণের আনুমানিক হিসাবের সঙ্গে সরাসরি এই দাম প্রয়োগ করা যায় না।

বিএসএফআইসির তথ্য অনুযায়ী, তাদের প্রায় ১ লাখ ৪৯ হাজার নিবন্ধিত আখচাষি রয়েছেন। তাদের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৫১ হাজার কৃষক আখ চাষ করেছেন। ৬৪ হাজার একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ৫১ হাজার ৭৭৬ একর জমিতে আখচাষ করেছেন। সাড়ে ৮ লাখ টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে মাড়াই হয়েছে ৭ লাখ ৮৩ হাজার টন। আখচাষে উৎসাহ দিতে ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে মোট ১২ কোটি ২৪ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।

তবে এবারও আখের আবাদ ও চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সংস্থাটি। এ সময় চিনি উৎপাদনেও ৫১ হাজার ৮৭৫ টন লক্ষ্য থাকলেও উৎপাদন হয়েছে ৪৩ হাজার ৩২৬ টন।

বিএসএফআইসির আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে ছয়টিতে ২০২০-২১ মৌসুম থেকে আখ মাড়াই বন্ধ রয়েছে।

সংস্থার ২০২৫-২৬ অর্থবছরের অনিরীক্ষিত হিসাবে মোট আয় ১ হাজার ১৪৯ কোটি ৮৬ লাখ টাকা। পরিচালন ব্যয় ১ হাজার ১৯৭ কোটি ৬৩ লাখ টাকা এবং ঋণের সুদ বাবদ ব্যয় ৪২৯ কোটি ১৯ লাখ টাকা। সুদসহ মোট লোকসান দেখানো হয়েছে ৪৭৬ কোটি ৯৭ লাখ টাকা।

সচিবের দাবি, সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে গিয়ে উৎপাদন খরচের পুরো অর্থ পাওয়া যায় না। এ কারণে বছরের পর বছর এই ব্যবধান তৈরি হয়েছে।

স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ