কেপটাউনে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে লড়ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে প্রোটিয়ারা। হঠাৎ টেলিভিশন ক্যামেরার লেন্স খুঁজে নিল অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে। তিনি একটি হলুদ রঙের শিরীষ কাগজ (স্যান্ডপেপার) দিয়ে বলের এক পাশ ঘষে বিকৃত করার চেষ্টা করছিলেন। ক্যামেরা ধরা পড়তেই তিনি সেটি নিজের ট্রাউজারের ভেতর লুকিয়ে ফেলেন।
এরপর সময় গড়িয়েছে ঢের। আলোচনা ছুঁয়েছে ক্রিকেটের সীমান্তের এপাশ-ওপাশ। ঘটনা প্রমাণিত হওয়ায় শাস্তি হয়েছে দলনেতা স্টিভ স্মিথ, তার সহকারী ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের। শাস্তি শেষে তারা আবার ক্রিকেটে ফিরেছেন। সময়ের চাকাও ঘুরছিল স্বাভাবিক নিয়মেই।
সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’ প্রকাশ করলেন। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে এ নিয়ে চলছে আলাপ-আলোচনা। তার আগেই অবশ্য বইয়ের কিছু কিছু অংশ প্রকাশ পেয়ে যায়। গত ৭ নভেম্বর অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড এবং নাইন নিউজপেপারসে বইটির কিছু অংশবিশেষ প্রকাশ করে। আর তাতেই ফিরে আসে আট বছর আগের কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’।
ঘটনার বাতাস এত জোরে বইতে শুরু করে যে, পরিস্থিতি অনুকূলের বদলে প্রতিকূলেই চলমান থাকে এবং ‘ট্রিপল জে’ পডকাস্টে খাজা নিজেও স্যান্ডপেপার কাণ্ডের ব্যক্তিগত ও দলীয় প্রভাব নিয়ে কথা বলেন। প্রকাশ পেয়ে যায় স্যান্ডপেপার কাণ্ডে সেই ম্যাচের পুরো অস্ট্রেলিয়া দলের জড়িত থাকার কথা। আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার আকাশ। হলদে উৎসবের ক্রিকেট ক্রমশই ছেয়ে গেছে বিষবাষ্পের ধোঁয়াটে আস্তরণে।
ঘটনার সময় আম্পায়ারদের জিজ্ঞাসাবাদের মুখে প্রথমে বস্তুটিকে আঠালো টেপের অংশ বলে দাবি করেছিলেন ব্যানক্রফট। পরে প্রকাশ পায়, সেটি ছিল স্যান্ডপেপার। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টার কথা স্বীকার করেন ব্যানক্রফট ও অধিনায়ক স্টিভ স্মিথ। স্মিথ জানান, দলের নেতৃত্বস্থানীয় কয়েকজনের মধ্যে বিরতির সময় এ নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু কীভাবে পরিকল্পনা হয়েছিল, কারা জানতেন—সেই প্রশ্নের উত্তর তখনো পুরোপুরি মেলেনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তিনজনকে দায়ী করা হয়। তারা হলেন অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট। তদন্তে বলা হয়, পরিকল্পনা তৈরিতে মূল ভূমিকা ছিল ওয়ার্নারের। তিনি ব্যানক্রফটকে বলের অবস্থা বদলানোর কৌশল দেখিয়েছিলেন এবং কাজটি করতে নির্দেশ দিয়েছিলেন। স্মিথ পরিকল্পনার কথা জানলেও তা ঠেকানোর উদ্যোগ নেননি। আর ব্যানক্রফট সরাসরি বলটি ঘষার কাজটি করেন এবং প্রমাণ লুকানোর চেষ্টা করেন। তদন্তে অন্য কোনো খেলোয়াড়, কোচ বা সাপোর্ট স্টাফের আগাম জানার প্রমাণ পাওয়া যায়নি।
শাস্তিও ছিল কঠোর। স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ার্নারকে ভবিষ্যতে কোনো জাতীয় নেতৃত্বের দায়িত্বের জন্য বিবেচনা না করার সিদ্ধান্তও হয়। স্মিথ ও ব্যানক্রফটের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর অন্তত ১২ মাস নেতৃত্বের দায়িত্ব পাওয়ার সুযোগ বন্ধ রাখা হয়েছিল। এর আগে আইসিসি স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ ও ম্যাচ ফির পুরোটা জরিমানা করে। ব্যানক্রফট পান ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট পয়েন্ট। ওয়ার্নারও ম্যাচ ফির পুরোটা জরিমানা পেয়েছিলেন। কোচ ড্যারেন লেম্যান তদন্তে দায়মুক্তি পেলেও সিরিজ শেষে পদত্যাগ করেন।
এত কিছুর পরও বিতর্কের শেষ হয়নি। আট বছর পর নিজের আত্মজীবনী ‘সাবর’-এ নতুন করে সেই অধ্যায়ের পর্দা তুলেছেন খাজা। তার দাবি, ঘটনাটি শুধু তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; দলের অনেকেই জানতেন কী ঘটছে। এমনকি দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলানোর পরীক্ষা হয়েছিল বলে লিখেছেন তিনি। খাজার বর্ণনায়, ড্রেসিংরুমে বিষয়টি গোপন রাখা কঠিন ছিল। বলের গায়ে ঘষার দাগও চোখে পড়ার মতো ছিল।
খাজার দাবি, কেপটাউনের ঘটনার পর তিনি পুরো দলকে দায় স্বীকারের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে সবাই একমত হননি। তার বর্ণনায়, স্মিথ তখন বিষয়টি থেকে নিজেকে দূরে রাখার কথা বলে ঘর ছেড়ে চলে যান। খাজা আরো বলেছেন, তিনি নিজেও জানতেন কী ঘটছিল। তার বক্তব্য, তিনজনের ওপর সব দায় চাপিয়ে বাকিদের আড়ালে থাকা উচিত নয়।
খাজার দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুলেন সেই দলের সদস্য ও বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। খাজার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কামিন্সের দাবি, স্যান্ডপেপার মাঠে নেওয়া হচ্ছে এমন কিছু তিনি জানতেন না; পরিকল্পনার নেপথ্যেও ছিলেন না। তার মতে, বন্ধুত্বের সম্পর্কে কারো জীবন ও সুনাম নিয়ে এভাবে অসতর্ক হওয়া যায় না। অন্যদিকে ডেভিড ওয়ার্নার খাজার বক্তব্যকে সমর্থন করেছেন। ফলে পুরোনো বিতর্কে নতুন বিভক্তির রোষানলে অস্ট্রেলীয় ক্রিকেট।
আট বছর আগে একটি স্যান্ডপেপার কেবল বলের গায়েই আঁচড় কাটেনি, ক্ষত তৈরি করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় ভাবমূর্তিতেও। শাস্তি হয়েছে, খেলোয়াড়রা ফিরেছেন, সময়ও পেরিয়েছে অনেক। কিন্তু কে কতটা জানতেন, কারা নীরব ছিলেন, দায় কি কেবল তিনজনের? এই প্রশ্নের উত্তর অজানাই ছিল। খাজার আত্মজীবনী সেই পুরোনো ক্ষতে নতুন করে আঙুল রেখেছে। আর কামিন্সের অস্বীকার বুঝিয়ে দিয়েছে, স্যান্ডপেপারের দাগ মুছে গেলেও বিতর্কের দাগ এখনো অমলিন। আর তাতে স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অবস্থায়ই থাকছে অস্ট্রেলীয় ক্রিকেট।