অনলাইন ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার এই হাসপাতাল চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ৫ হাসপাতালের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল এই হাসপাতালগুলো।
এসব হাসপাতাল চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার ৫টি শিশু হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে- উপপরিচালক পদ ৫টি, সহকারী পরিচালক পদ ৫টি, সিনিয়র কনসালটেন্ট পদ ১০০টি, জুনিয়র কনসালটেন্ট পদ ২০০টি ও আবাসিক চিকিৎসক পদ ১০টি। এছাড়া আবাসিক সার্জন পদ ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পদ ৫টি, মেডিকেল অফিসার পদ ৩২৫টি রয়েছে। সেই সঙ্গে সহকারী ডেন্টাল সার্জন পদ ১০টি, ইর্মাজেন্সি মেডিকেল অফিসার পদ ২০টি ও এনাসথেস্টির ২০টি পদ রাখা হয়েছে।
এদিকে হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করার প্রক্রিয়া আরও এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৫টি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে।
২৪ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদেরকে ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।