খুলনার দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেটের পূর্ব পাশের সড়কে আব্দুল হালিম নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার সুদর্শন কুমার রায়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে তার মাথা ও বুক বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেপুটি পুলিশ কমিশনার আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
একই দিন দুপুরে লবণচরা থানাধীন একটি বাসায়, বিকেলে সোনাডাঙ্গা থানাধীন একটি হোটেলে এবং রাতে আড়ংঘাটা থানা এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় চতুর্থ ঘটনায় আব্দুল হালিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।