স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার বিএনপির সঙ্গে কমিশনের সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি। সংলাপে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন করে সময় চেয়েছে বিএনপি। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হলে ওই সংলাপে অংশ নেবে দলটি।
রোববার রাতে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগামীকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে সংলাপের নতুন তারিখ নির্ধারণ করে জানানো হলে বিএনপি তাতে অংশ নেবে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রমানুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে প্রথম দিন জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়নি। পরবর্তী সময়ে জোটগতভাবে কমিশনের সঙ্গে সংলাপে বসার আগ্রহের কথা জানিয়েছে দলটি।
অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছিল বিএনপি। দলটির সেই আগ্রহের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সংলাপের সময়সূচি নির্ধারণ করে কমিশন। কিন্তু শেষ পর্যন্ত সেই সূচিতেও পরিবর্তন এলো। নতুন করে সময় চাওয়ায় আজ বিএনপির সঙ্গে কমিশনের নির্ধারিত সংলাপ অনুষ্ঠিত হচ্ছে না।