বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
সাপের ফণা তোলা আর সাপুড়েদের বিচিত্র কলাকৌশল দেখতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত মানুষ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে তেঁতুলতলা যুব সমাজের উদ্যোগে নলডাঙ্গার তেঁতুলতলায় দিনব্যাপী এই ঝাপান খেলার আয়োজন করা হয়। খেলায় অংশ নেওয়া সাপুড়ে দলগুলো তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে প্রদর্শনী ও নিজেদের সেরা প্রমাণের প্রতিযোগিতায় মেতে ওঠে।
সকাল থেকেই খেলার আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুরের পর থেকে ঝাপান খেলা দেখতে নলডাঙ্গা ও আশপাশের দূরদূরান্তের এলাকা থেকে নারী-পুরুষ, বয়োবৃদ্ধ ও শিশুরা তেঁতুলতলায় আসতে শুরু করেন। ঢাক-ঢোল আর বাদ্যের তালে তালে সাপুড়েরা নাচতে থাকেন, আর তাদের ইশারায় সাপগুলো ফণা তুলে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এমন রোমাঞ্চকর দৃশ্য দেখে উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে সাপুড়েদের উৎসাহ জোগান।
খেলা দেখতে আসা দর্শনার্থী রানা বলেন, শহরের যান্ত্রিকতা কিংবা বর্তমান সময়ে গ্রামীণ এমন আয়োজন খুব একটা চোখে পড়ে না।
আরেক দর্শনার্থী রহিমা বেগম বলেন, পরিবার ও শিশুদের নিয়ে খেলা দেখতে এসেছেন, যাতে নতুন প্রজন্ম গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য ও সাপ সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে।
এলাকাবাসী লিয়াকত আলী বলেন, এই খেলাকে ঘিরে পুরো গ্রামে এক আনন্দঘন ও উৎসবের আমেজ তৈরি হয়েছে।
‘তেঁতুলতলা যুব সমাজ’-এর সদস্যরা জানান, প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়ায় চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এ খেলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য তুলে ধরতে এবং এলাকার মানুষকে নির্মল আনন্দ দিতেই তাদের এই উদ্যোগ।
এ ব্যাপারে আয়োজক নুরুন্নবী বলেন, ‘যে সাপে কামড়ালে মানুষ মারা যায়, এত বিষধর সাপ আমরা গ্রামে নিয়ে এসেছি খেলা দেখানোর জন্য। মা-বোনেরা সবাই মিলে এক জায়গায় বসে দেখছি—যে জিনিস কামড়ালে মানুষ মারা যায়, সেই জিনিসটি আমরা এখানে দেখার সুযোগ পেয়েছি।