রেকর্ড জুটি গড়ার পথে নিজের ইনিংসের শুরুতেই কিছু বাউন্ডারি পাওয়ায় কাজ সহজ হয়েছে বললেন লিটন কুমার দাস।
কাগিসো রাবাদার তোপে চাপে পড়া বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দিয়েছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে সাফল্যের নতুন গল্প লিখলেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে দুজন মিলে গড়লেন রেকর্ড জুটি। বাংলাদেশকে এনে দিলেন রেকর্ড সংগ্রহ। আর এই কীর্তির পেছনে হৃদয়ের ভূমিকার বড় কৃতিত্ব দিলেন লিটন।
কাগিসো রাবাদার তোপে রোববার প্রথম সেশনে ৯ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শুরুর বিপর্যয় সামলে তানজিদ হাসান ও হৃদয় মিলে গড়েন ৯৯ রানের জুটি। এরপর রাবাদার জোড়া আঘাত।
১২২ রানে ৫ উইকেট হারিয়ে অল্পে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে যা তাদের নিয়মিত চিত্র। তবে এবার তা হতে দেননি হৃদয় ও লিটন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রেকর্ড জুটি গড়লেন তারা।
দিনের শেষ বলে হৃদয়ের ফেরার হতাশা আছে বটে। তবে এর আগেই দুজন মিলে গড়েছেন ২০৬ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ এটি। চার ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করে ১৩৭ রানে আউট হয়েছেন হৃদয়।
শতরানের সম্ভাবনা জাগিয়ে ৯২ রানে অপরাজিত লিটন। দিনের খেলা শেষে ব্রডকাস্টে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেন বাংলাদেশের সাবেক ওপেনার ও বর্তমানে ধারাভাষ্যকার আতহার আলী খান।
“হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে। বল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যেমন ডিসিপ্লিন দেখিয়েছে, তা আমাকেও অনেক আত্মবিশ্বাস দিয়েছে। ব্যাটিংয়ে যাওয়ার পর শুরুতেই কিছু বাউন্ডারি পাওয়ায় ছন্দ খুঁজে পেতে সুবিধা হয়েছে। তো আমরা আলোচনা করেছি শুধু কতটা লম্বা ব্যাটিং করতে পারি।”
দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা
স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ