৪০ বছর বয়সি ব্যাটসম্যান পঞ্চাশ স্পর্শ করলেন টানা চার ইনিংসে, যেখানে সেঞ্চুরি ও ফিফটি দুটি করে।
ব্রেন্ডান টেইলর। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ব্রেন্ডন টেইলরের ব্যাটে রানের জোয়ার চলছেই। দুর্দান্ত ফর্মে থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান খেলেছেন আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণ ধরে রেখেছে জিম্বাবুয়ে।
শারজাহতে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৬৯ রান। প্রথম ইনিংসের ১২২ রানের লিড মিলিয়ে ২৯১ রানে এগিয়ে আছে তারা।
এদিন শেষ সেশনে ৫ উইকেট নিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। তবে ব্যাটসম্যানদের জন্য উইকেট কঠিন হয়ে উঠছে। চতুর্থ ইনিংসে তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়া করা তাই খুব চ্যালেঞ্জিং হবে আফগানদের জন্য।
সিরিজে টানা চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৯০ বলে ৫০ রান করেন টেইলর। ৪০ বছর বয়সি ব্যাটসম্যান প্রথম ইনিংসে করেন ১১৯। প্রথম টেস্টে দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৩১ ও ৮২।
৬ উইকেটে ১৫৯ রান নিয়ে রোববারের খেলা শুরু করে আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২১৭ রানে। আগের দিন ৩৩ রানে অপরাজিত থাকা আফসার জাজাই করেন সর্বোচ্চ ৬৩ রান। তার ১১৯ বলের ইনিংসটি গড়া সাতটি চারে।
দিনের শুরুতে আফগানিস্তানের ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়ে প্রথম ঘণ্টা পার করে দেন। তবে দ্বিতীয় ঘণ্টায় জিম্বাবুয়ের দুই লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার ও ভিনসেন্ট মাসেকেসা দ্রুত শেষ চারটি উইকেট তুলে নিয়ে দলকে একশ ছাড়ানো লিড এনে দেন।
৫৪ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার মাসেকেসা।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের বেশ কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু পেলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার ইনোসেন্ট কাইয়া ৩৩ ও অধিনায়ক ব্রায়ান বেনেট করেন ২৮ রান। ফিফটি করার পরপরই থামেন টেইলর।
জিম্বাবুয়ের ৭ উইকেটের ৬টিই নিয়েছেন আফগানিস্তানের তিন পেসার মিলে, প্রত্যেকে দুটি করে।
আফগানিস্তান ১ম ইনিংস: ৬৯.৪ ওভারে ২১৭ (আগের দিন ১৫৯/৬) (জাজাই ৬৩, মারুফখিল ২০, আহমাদজাই ৫, সালিম ৬*, জিয়াউর ০, মুজারাবানি ১৭-৪-৩৮-৩, ইভান্স ১৮-৫-৩৯-১, নাকভি ৫-১-১৯-০, ক্রিমার ১৬-০-৬৪-২, মাসেকেসা ১৩.৪-৪-৫৪-৩)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৫৮ ওভারে ১৬৯/৭ (কাইয়া ৩৩, কারান ১৯, টেইলর ৫০, বেনেট ২৮, মাধেভেরে ৩, নাকভি ২০, সিগা ৮*, ইভান্স ২, ক্রিমার ০*; আহমাদজাই ১২-২-২৮-২, মারুফখিল ২৫-৩-৭৪-১, সালিম ১১-১-৪০-২, জিয়াউর ৯-৩-২০-২, শাহিদি ১-০-১-০)
দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা
স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ