জোহানেসবার্গে প্রথম দিনেই তিনশ পেরিয়ে নিজেদের রেকর্ড গড়েছে বাংলাদেশ, নতুন সকালে আরও লম্বা সময় ব্যাট করতে চায় তারা।
৯৯ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
২২ রানে নেই ৩ উইকেট, শুরুর ধাক্কা সামাল দেওয়ার পর স্কোর ১২১ রানে ৫ উইকেট। সেখান থেকে কত দূরই বা যেতে পারবে বাংলাদেশ? এমন শঙ্কায় ঘুরপাক খেতে শুরু করেছিল শঙ্কার মেঘ। তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাসের জুটিতে সেসব দূর করে এখন আরও লম্বা সময় ব্যাটিংয়ের লক্ষ্য সফরকারীদের।
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে মিল আছে শুরুর সঙ্গে শেষের। দিনের প্রথম বলে ড্রেসিং রুমের পথ ধরেছিলেন মাহফিজুল ইসলাম। আর শেষ বলে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। তবে এতে বোঝার উপায় নেই মাঝের গল্পটা।
দিনের বাকি সময়ের বেশিরভাগ জুড়ে শুধুই হৃদয়ের বীরত্ব আর লিটনের নান্দনিকতা। পঞ্চম উইকেট পতনের পর দুজন মিলে গড়েছেন ২০৬ রানের জুটি। যার সৌজন্যে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। দুটিই বাংলাদেশের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩২৬ রান। ২০১৫ সালের চট্টগ্রাম টেস্টে সেটি করেছিল তারা। আর ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল প্রোটিয়াদের ডেরায় তাদের সর্বোচ্চ।
এবার জোহানেসবার্গে প্রথম দিনেই সেটি টপকে নিজেদের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। তবে এতেই তৃপ্ত নয় দল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ হাসান বললেন, দ্বিতীয় দিনে নির্দিষ্ট কোনো রান ভাবনায় রেখে খেলতে নামবে না বাংলাদেশ।
“আসলে উইকেটটা প্রথম সেশনের পর… লাঞ্চের পরে আরও ভালোর দিকে যাচ্ছে। আমার কাছে মনে হয়, এরকম কোনো নির্দিষ্ট রানের লক্ষ্য নেই আমাদের। আমরা যত বেশিক্ষণ খেলতে পারব তত আমাদের জন্য ভালো।”
বাংলাদেশের রেকর্ড সংগ্রহের তানজিদেরও ছিল বড় অবদান। কাগিসো রাবাদার তোপে ২২ রানে প্রথম তিন উইকেট পতনের পর একপ্রান্তে ভরসা দেন বাঁহাতি ওপেনার। হৃদয়কে নিয়ে চতুর্থ উইকেটে তিনি গড়েন ৯৯ রানের জুটি।
লাঞ্চ বিরতির পর রাবাদার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্টাম্পে টেনে আনার আগে ১২ চারে তিনি করেন ৬৭ রান। ক্ষণিকের ভুলে আউট হওয়ার আগে মনে হচ্ছিল, ডারউইন টেস্টের পর আবার তিন অঙ্কের দেখা পেয়ে যাবেন ২৬ ছুঁইছুঁই ওপেনার।
তবে সেটি করতে না পারলেও শুরুর ধাক্কা কাটিয়ে ওঠায় অবদান রাখার তৃপ্তিই তানজিদের কণ্ঠে।
“সেঞ্চুরি… আমি কখনও এরকম চিন্তা করে খেলি নাই। আমি চিন্তা করছিলাম কীভাবে নতুন বলটা আমি পার করতে পারি এবং কীভাবে দলের জন্য ভালো কিছু অবদান রাখতে পারি। তো আজকেও আমার একই চেষ্টা ছিল।”
দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা
স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ