২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
এতে আরও বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।