1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

রবিউল আলম অশীতিপর তরুণ নাট্যজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আশীষ নন্দী | সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনে চট্টগ্রামের অবদান আলোচনা করতে গেলে নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সম্পাদক ও সংগঠক রবিউল আলমের নাম বিশেষ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত এই সৃজনশীল মানুষটি পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেও মঞ্চনাটক ও নাট্যসাহিত্যের বিকাশে রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। ৩ নভেম্বর ছিল তাঁর আশিতম জন্মদিন। এই উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর সৃজনশীল অভিযাত্রা ও নাট্যজীবনের বহুমাত্রিক অবদান।

১৯৪৬ সালের ৩ নভেম্বর বগুড়ায় জন্ম রবিউল আলমের। পিতা জসিম উদ্দিন আহমেদ, মাতা জমিলা খাতুন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং মস্কোর একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে রাসায়নিক সারের ওপর ডিপ্লোমা অর্জন করেন তিনি। টিএসপি সার কারখানা, ইউনিলিভার বাংলাদেশ ও কোহিনূর কেমিক্যালসে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কর্মজীবন শেষে ২০০৫ সালে পেশাগত জীবন থেকে অবসর নেন। কিন্তু তাঁর সৃজনশীল জীবন এখনও চলমান ।

মাত্র উনিশ বছর বয়সে নিজ গ্রামে ‘হ্যাজাক লাইটের’ আলোয় তাঁর লেখা প্রথম নাটক বর সংকট মঞ্চস্থ হয়। পরবর্তী সময়ে চট্টগ্রামে কর্মজীবন শুরু হলে নাটকের সঙ্গে তাঁর সম্পর্ক আরও নিবিড় হয়ে ওঠে। টিএসপি সার কারখানার বার্ষিক নাটকে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ও আকাঙি্‌ক্ষত একজন নাটক দিয়ে নাট্যকার হিসেবে পরিচিতি পান। ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন তির্যক নাট্যগোষ্ঠী, যা চট্টগ্রামের গ্রুপ থিয়েটার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর লেখা ‘জননীর মৃত্যু চাই’ দিয়ে তির্যক ১৯৭৪ সালে আত্মপ্রকাশ করে। এরপর তির্যক এর ‘অথচ অন্ধকার’, ‘কখনো সৈকতে’, ‘বিপক্ষে বন্দুক’ সহ মৌলিক নাটক রচনা ও নির্দেশনার মাধ্যমে তিনি নিজস্ব চিন্তা ও নির্মাণভঙ্গির পরিচয় দেন। তাঁর নাট্যচর্চা কেবল নিজস্ব দলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; দেশের বিভিন্ন নাট্যদল তাঁর রচিত ও রূপান্তরিত নাটক মঞ্চস্থ করেছে। রবিউল আলম নিজের দল তির্যক নাট্যগোষ্ঠীর বাইরে তাঁর লেখা ও অনূদিত নাটক–রাজা সাহিত্য কারখানা (থিয়েটার ওয়ার্কসপ চট্টগ্রাম), নিঃসঙ্গ নিরাময় (নাট্যপ্রয়াস), বিবি পাঠশালা–মলিয়েরের স্কুল ফর ওয়াইভস (ত্রিতরঙ্গ নাট্যদল) এবং সুচরিত চৌধুরীর গল্প অবলম্বনে আলো নিরুত্তর-(নাট্যমঞ্চ) নির্দেশনা দিয়েছেন। বর্তমানে চিটাগাং ক্লাব রবিউল আলমের অন্যতম নাট্যক্ষেত্র। চিটাগাং ক্লাবের অনিয়মিত অভিনেতা অভিনেত্রীদের দিযে ১৫টি নাটক নির্দেশনা দিয়েছেন। প্রকৌশলীদের জাতীয় সম্মেলনে তাঁর রচনা ও নির্দেশনায় নাটক ‘নাপুস’ ও ‘নাপুস আবার’ মঞ্চস্থ হয়েছে।

রবিউল আলমের সাহিত্যিক পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক অনুবাদ ও নাট্যরূপ নির্মাণ। উইলিয়াম শেক্‌সপিয়রের ‘অ্যাজ ইউ লাইক ইট’ এবং মলিয়েরের ‘বিবি পাঠশালা’র মতো নাটক নিয়ে তাঁর কাজ বাংলা নাট্যচর্চাকে সমৃদ্ধ করেছে। হ্যারল্ড পিন্টারের চারটি নাটকের অনুবাদও গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থতালিকায় রয়েছে ‘নাট্যসমগ্র ১’, ‘নাট্যসমগ্র ২’, ‘নাট্যসমগ্র ৩’ (অ্যাডর্ন পাবলিকেশন), নির্বাচিত নাটক (বাংলা একাডেমী) ও ‘না.ট.ক.’ (শিল্পকলা একাডেমি)। নাটকের পাশাপাশি ‘শীলুর চোখ’, ‘অচিনপুর’ ও ‘আড্ডায় রসভঙ্গ’ গল্পগ্রন্থ এবং ‘সময় অসময়’ ও ‘সেই পাহাড়ে’ উপন্যাসিকা তাঁর সাহিত্যসাধনার পরিচয় বহন করে। নাট্যসম্পাদনায় তাঁর অবদান রয়েছে । রবিউল আলম সত্তরের দশকে সম্পাদনা করেছেন তির্যক নাট্য ত্রৈমাসিক। এই পত্রিকার নয়টি সংখ্যা মাধ্যমে সেই সময়ে তিরিশটি মৌলিক নাটক প্রকাশিত হয়েছিলো। নাট্যসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি সম্মাননা এবং ২০২০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তিনি উল্লেখযোগ্য কাজ করেছেন।

নাট্যকার রবিউল আলম বাংলাদেশের নবনাট্যান্দোলনের অন্যতম পথিকৃত। নাটক রচনা, অভিনয় ও নির্দেশনায় তিনি ব্যয় করেছেন প্রায় সমগ্র জীবন। নিরন্তর সৃজনক্রিয়ায় তিনি সমৃদ্ধ করেছেন আমাদের নাট্যাঙ্গন। রবিউল আলম এ বছর আশি বছর পূর্ণ করেছেন। এই মহান নাট্যজনের জীবনের এই গৌরবময় প্রান্ত আমাদের মনে করিয়ে দেয়, নাট্যচর্চা কেবল মঞ্চে আলো জ্বালানোর নাম নয়; এটি চিন্তা, সৃজন, সংগঠন ও সাংস্কৃতিক দায়বদ্ধতার দীর্ঘ অনুশীলন। এই ক্ষণে তাঁর অর্জন শুধু ব্যক্তিগত সাফল্যের ইতিহাস নয়, চট্টগ্রামের নাট্যঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের নাট্যকর্মীদের কাছে তাঁর সৃজনশীল অভিযাত্রা হয়ে উঠুক অনুপ্রেরণার উৎস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ