ডিসেম্বরের মিনি নিলাম থেকে দল পাবেন সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার, যার মধ্যে ২৫ জন বিদেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আইপিএলের গত আসর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির আগামী আসরেও হয়তো দেখা যাবে না তাকে। নিলামের প্রাথমিক তালিকায় নেই বাঁহাতি এই পেসার। নেই আরেক তারকা সাকিব আল হাসানও।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠানো প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।
আইপিএলের গত আসরের নিলাম থেকে বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে, ভারতীয় বোর্ডের নির্দেশে তাকে দল থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। যার ফলে অবনতি ঘটে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের।
এবার দীর্ঘ প্রাথমিক তালিকায় আছেন মোট এক হাজার ২২০ জন ক্রিকেটার। যার মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। ডিসেম্বরের মিনি নিলাম থেকে দল পাবেন সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটার, যার মধ্যে ২৫ জন বিদেশি।
নিবন্ধিত সবার নাম থাকবে না নিলামের চূড়ান্ত তালিকায়। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের আগ্রহের তালিকায় থাকা ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে আগামী ১ ডিসেম্বরের মধ্যে, প্রাথমিক তালিকায় না থাকা কাউকে অন্তর্ভুক্ত করতে চাইলে সেই নামও রাখে যাবে সেখানে। সেটির ভিত্তিতে তালিকাটি ছোট করা হবে। আর নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা এবং খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।
প্রাথমিক তালিকায় থাকা সবচেয়ে বড় নাম বেন স্টোকস। চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংলিশ অলরাউন্ডারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। এই তালিকায় তার নাম থাকাটা কিছুটা অনিশ্চিত ছিল, কারণ তিনি ২০২৫ সালের মেগা নিলামে অংশ নেননি।
ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, যে খেলোয়াড়রা মেগা নিলামে অংশ নেন না, তাদের পরবর্তী মিনি নিলামে নাম নিবন্ধনের সুযোগ থাকে না। তবে স্পষ্টতই, স্টোকস আসন্ন নিলামে অংশ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি পেয়েছেন।
ভারতের গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর হবে আইপিএলের পরবর্তী আসরের মিনি নিলাম।
নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে
চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১
ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ
দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে