বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দেশের রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রীয় নিপীড়ন, মানবাধিকার ও ক্ষমতার অপব্যবহারের প্রশ্নকে সামনে রেখে মঞ্চে আসছে নাট্যদল অবলোকন থিয়েটারের প্রযোজনা ‘গন্ধসূত্র’।
রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।
অপু শহীদের রচনা ও তৌফিকুল ইসলাম ইমনের নির্দেশনায় নাটকটি প্রথম দেখানো হয় গেল বছরের ডিসেম্বরে।
আর্জেন্টাইন-আমেরিকান নাট্যকার এরিয়েল ডর্ফম্যানের নাটক ‘ডেথ অ্যান্ড দ্য মেইডেন’ এর মূল ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি সাজানো হয়েছে।
নাটকের বিষয়বস্তু নিয়ে রচয়িতা অপু শহীদ বলেন, “এটি সমকালীন বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত একটি নাটক।”
নির্দেশক তৌফিকুল ইসলাম ইমনের ভাষ্যমতে, “‘গন্ধসূত্র’-এর সময় ও বাস্তবতা কেবল বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বিশ্বের যেসব দেশে গণতন্ত্র ভেঙে পড়ছে কিংবা স্বৈরশাসন-পরবর্তী সময়ে গণতন্ত্র নতুন করে যাত্রা শুরু করছে, সেসব দেশের অভিজ্ঞতার সঙ্গেও এর বিষয়বস্তুর মিল রয়েছে।
“ব্যক্তিগত প্রতিশোধের কাহিনীর বুননে বৃহত্তর রাষ্ট্রীয় ও রাজনৈতিক বাস্তবতার জটিল প্রশ্ন দর্শকের সামনে তুলে ধরে নাটকটি।”
‘গন্ধসূত্র’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডায়না ম্যারেলিন, সুপ্তি দাস চৈতি, ফেরদৌস আমিন বিপ্লব ও তৌফিকুল ইসলাম ইমন।
প্রযোজনাটির আলো পরিকল্পনায় রয়েছেন মো. মোখলেছুর রহমান, সেট ও প্রপসে মো. আবু বকর সিদ্দিকি, সংগীতে চার্লস নিলয় চৌধুরী, পোশাকে আইরিন পারভীন লোপা এবং পোস্টার পরিকল্পনায় রোকেয়া সুলতানা।
অবলোকন থিয়েটার জানিয়েছে, মানবাধিকার, রাষ্ট্রীয় নিপীড়ন, ন্যায়বিচার ও ক্ষমতার রাজনীতিকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোর মধ্য দিয়ে নাটকটি দর্শকের সামনে সমকালীন বাস্তবতার এক অস্বস্তিকর প্রতিচ্ছবি তুলে ধরতে চায়।
প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা
মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র