ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তিনজনের বিরুদ্ধে তদন্তের আওতায় এনেছে দেশটির পুলিশ। ভেনিসের মার্গেরায় ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত তিনজনই বাংলাদেশি নাগরিক। তাদের বাসায় তল্লাশির নির্দেশও দিয়েছে ভেনিসের প্রসিকিউটর কার্যালয়। ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো (দ্য লিটল গ্যাজেট) ২৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বরে। ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেন। অভিযোগ অনুযায়ী, উৎসবে অংশ নেওয়ার সময় ইতালিতে বসবাসরত কয়েকজন বাংলাদেশি তাকে রাজনৈতিক অবস্থানের কারণে হেনস্তা করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দেওয়ায় তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে কটাক্ষ করা হয়। হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সমর্থক বলেও পরিচয় দিয়েছিলেন বলে বাঁধন অভিযোগ করেন। বাঁধনের বর্ণনা অনুযায়ী, প্রথমে তিনি যে হোটেলে অবস্থান করছিলেন, সেখানে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে মার্গেরার একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় আবারও কয়েকজন বাংলাদেশি তার ওপর চড়াও হন। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা করা, গায়ে পানি ও বিভিন্ন বস্তু ছুড়ে মারা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। পুরো ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ঘটনার পর ইতালির ভেনিস পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পুলিশের বিশেষ তদন্ত শাখা ডিআইজিওএস ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করে। এবার সেই তদন্তের অগ্রগতিতেই তিন বাংলাদেশি নাগরিকের নাম উঠে এসেছে। এ ঘটনায় শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাঁধন। তার অভিযোগ ছিল, রাজনৈতিক মতাদর্শের কারণে বিদেশের মাটিতেও তাকে নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হয়েছে। ইল গাজ্জেত্তিনো