কুষ্টিয়া জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা জজের বাসভবনে এবং একই রাতে মিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বাসভবনের ভেতরে জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।
বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। বাসভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এদিকে, একই রাতে জেলার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.