স্বপ্নীল মডেল একাডেমিতে স্কুল ফিডিং প্রোগ্রাম
| রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ
দুধ, ডিম ও চকলেট নিয়ে জেলেপল্লীর শিশুদের কাছে হাজির হলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিশুদের পুষ্টির পাশাপাশি তাদের শিক্ষা, খেলাধুলা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্ব দিলেন তিনি। শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়াসামগ্রী দেওয়ার পাশাপাশি মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার কথাও জানালেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার নগরীর সমুদ্র উপকূল এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লীর ‘স্বপ্নীল মডেল একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উদ্যোগে স্কুল ফিডিংয়ের আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনু্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। বক্তব্য দেন, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্বপ্নীল মডেল একাডেমির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে জেলে পরিবারের শিশুদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, এই শিশুরাই একদিন জেলে সমপ্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে–এটাই আমাদের প্রত্যাশা। গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সমপ্রদায়ের জীবনমানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাঁদের জীবনমানের উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।