হামলাকারীদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা হামলার একদিন পর একই আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় হামলাকারীদের ধাওয়া করেন স্থানীয় কিছু লোকজন। একপর্যায়ে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে এলাকাবাসী ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের ধরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।
তার বাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এদিন দুপুরে বিএনপির সংসদ সদস্য মালিক বলেন, কোনো কারণে তার মৃত্যু হলে বা তিনি নিখোঁজ হলে এর দায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগকে নিতে হবে।
শনিবার সন্ধ্যার ঘটনার বিষয়ে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার বিকালে সংসদ সদস্য মালিকের বাড়িতে পেট্রলবোমা হামলার প্রতিবাদে কামালবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে একদল লোক হাবিবের বাড়ির দিকে যান। পরে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
এ সময় স্থানীয় কিছু লোক মাইকে ঘোষণা দিয়ে হামলাকারীদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। স্থানীয়দের ধাওয়ায় হামলাকারীরা ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বাসিন্দারা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ১০ থেকে ১২টিতে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনার পর কামালবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশের উপকমিশনার আফজাল হোসেন বলেন, “ধাওয়া-পাল্টাধাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। কতটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে, তা বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”
হাবিবের বাড়িতে ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এ ঘটনার কিছু ছবি পুলিশের হাতে এসেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে শুক্রবার রাত ৩টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সংসদ সদস্য মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়।
সাবেক সংসদ সদস্য হাবিবকে ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি। ওই সময়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তিনি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের সিলেট জেলার কার্যকরী সদস্য।
মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র
সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়