তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে সরকারকে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বাড়ানো জরুরি। এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকি রাষ্ট্রের ওপর আর্থিক চাপ তৈরি করছে। এ কারণে আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে হবে।
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ খাতে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এলএনজি আমদানিতে ছয় মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এক কার্গো এলএনজি আমদানির অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া সম্ভব। বিদ্যুৎ উৎপাদনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য তৈরি করেছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকার দিতে হবে।
বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অনেকে বক্তব্য দেন। সম্মেলনে সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। ১৩টি অধিবেশনে জ্বালানি নীতি, জীবাশ্ম জ্বালানির ঝুঁকি, অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। সম্মেলনের শেষ দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।