1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ছক কষছে পলাতক শক্তি: সংস্কৃতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

পলাতক শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ছক কষছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বিভিন্ন দেশ এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তবে বাংলাদেশের সচেতন জনগণ এসব অপশক্তিকে ভয় পায় না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬ শীর্ষক দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পাশাপাশি নির্বাচনব্যবস্থা নষ্ট করে বিনা ভোটে ও রাতের ভোটে জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল তারা। বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার পরপরই মন্ত্রী, সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়ে যান।

নিতাই রায় চৌধুরী বলেন, পলাতক এই শক্তি এখন দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত ছক কষছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ কারণেই তারা স্বীকার করে না কেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল এবং কেন তাদের পালিয়ে যেতে হয়েছে। তবে জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা আজ ঐক্যবদ্ধ এবং রাজপথে রয়েছেন। এসব দুষ্কৃতকারী বা অপশক্তিকে তারা ভয় পান না। এসব করে কোনো লাভ হবে না, বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এগিয়ে যাবে।

জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, যে পুলিশ স্বৈরাচারের নির্দেশে গুলি চালিয়েছে, দেখা গেছে তার ছেলেও জুলাইয়ে নিহত হয়ে শহিদ হয়েছেন। সেনাবাহিনীর কর্মকর্তার ছেলেও শহিদ হয়েছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—জাতি-ধর্মনির্বিশেষে বাংলাদেশকে ভালোবাসেন, এমন সবাই গণঅভ্যুত্থানে শামিল হয়েছিলেন। গণমাধ্যমকর্মী ও সাংবাদিকেরাও বিষয়টি বুঝতে পেরেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, প্রত্যেক শহিদ পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। কোনো পরিবারে একমাত্র সন্তান কিংবা একাধিক সন্তানের মধ্যে একজন মারা গেলেও সেই কষ্টের সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহিদকে সমানভাবে দেখতে চায়।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই। শুধু উনি নন, ওনাদের এই পার্টি বাংলাদেশে কী করে গেছে, কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে, এই ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত সেই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চাই।’ বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, জনগণের মন থেকে এই দলটিরও কবর হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন এবং বিগত দেড় দশকে দেশে স্বৈরশাসনের স্মৃতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে জাদুঘরে ৫৯০ জন শহিদের স্মারক সংরক্ষিত রয়েছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহিদের ৫০০টির বেশি স্মারক প্রদর্শন করা হচ্ছে। এছাড়া শহিদদের ব্যবহৃত দেড় হাজার থেকে ১ হাজার ৮০০টি স্মৃতিস্মারক জাদুঘরের সংগ্রহে রয়েছে। জায়গার সংকুলান না হওয়ায় সব নিদর্শন একসঙ্গে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে বিভিন্ন প্রদর্শনী ও জাদুঘরের গ্যালারিতে পর্যায়ক্রমে এসব নিদর্শন তুলে ধরা হবে।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ জনের বেশি শহিদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে রক্তমাখা শার্ট, অসমাপ্ত ডায়েরির পাতা, ভাঙা চশমা ও শহিদদের প্রিয়জনদের লেখা শেষ চিঠিসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন। উদ্বোধনের পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। শহিদ পরিবারের সদস্য, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখেন। রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ