বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামি ইজতেমায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসবাদি, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছাপোষণ করবে, সেই প্রশ্ন যখন আসবে, তখন আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।’
তিনি বলেন, ‘শাপলা চত্বরে পতিত আওয়ামী লীগ সরকার যে হত্যাযজ্ঞ করেছে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে।’
তিনি আরও বলেন, ‘পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে সেটা মোকাবিলা করবো।’
গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ‘অহেতুক তারা উস্কানি’ দিয়ে অস্থিরতা সৃষ্টির জন্য শ্রমিকদের ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করে দিয়েছি। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতার সৃষ্টি করছে। ওরা তারাই, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা তাদেরকে চিনি।’